বলিউডকে কেজরিওয়ালের না
কেন বলিউডের টিকিট পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন দিল্লীর বর্তমান মুখ্যমন্ত্রী ভারতের অরবিন্দ কেজরিওয়াল? আম আদমি পার্টির এই নেতার রাজনৈতিক জীবনের আদলেই লেখা হয়েছিল চরিত্রটি। চিত্রনাট্য পড়ে পছন্দও হয়েছিল তার। কিন্তু তারপরও কেন না শুনেই ফিরতে হলো নির্মাতাদের।
মাল্লিকা শেরাওয়াত অভিনীত রাজনৈতিক সিনেমা 'ডার্টি পলিটিক্স'-এ এক নেতার চরিত্রেই অভিনয়ের প্রস্তাব নিয়ে কেজরিওয়ালের কাছে গিয়েছিলেন নির্মাতা কে সি বোকাডিয়া, যা তিনি ফিরিয়ে দেন।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে একজন সাধারণ নাগরিক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে ওঠা কেজরিওয়ালের এই উত্থানকেই পর্দায় দেখানোর প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা বোকাডিয়া। কিন্তু তাকে বিনীতভাবে প্রত্যাখ্যান করে কেজরিওয়াল বলেন, দল গঠনেই আত্মনিয়োগ করতে চান তিনি।
কেজরিওয়াল ফিরিয়ে দেওয়ার পর সে চরিত্রে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ্।
৬ই মার্চ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'ডার্টি পলিটিক্স' ইতোমধ্যেই নানা বিতর্কে জড়িয়েছে। নগ্ন দেহে ভারতের পতাকা জড়ানোর কারণে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে মাল্লিকার বিরুদ্ধে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওম পুরি, রাজপাল ইয়াদাভ, জ্যাকি শ্রফ, অনুপম খের।
