২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পঞ্জবব'-এর দখলে বক্স-অফিস

মার্কিন বক্স-অফিসে গত এক মাস ধরে রাজত্ব করতে থাকা ‘আমেরিকান স্নাইপার’কে হটিয়ে সিংহাসনের দখল নিয়েছে নতুন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’। জনপ্রিয় কার্টুন চরিত্র স্পঞ্জববকে নিয়ে তৈরি এই দ্বিতীয় অ্যানিমেটেড সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে নিয়েছে পাঁচ কোটি ছয় লাখ ডলার।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

ক্লিন্ট ইস্টউড পরিচালিত ব্লকবাস্টার হিট সিনেমা ‘আমেরিকান স্নাইপার’ চলতি সপ্তাহে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। এই সপ্তাহে সিনেমাটির আয় দুই কোটি ৪২ লাখ ডলার।

ব্র্যাডলি কুপার অভিনীত ‘আমেরিকান স্নাইপার’ মুক্তির এক মাসের মাথাতেই আয় করে নিয়েছে ২৮ কোটি ডলারের বেশি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও অস্কারের দৌড়ে ছয় মনোনয়ন নিয়ে এগিয়ে আছে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করে টানা তৃতীয় বারের মতো সেরা অভিনেতার অস্কার মনোনয়ন বাগিয়ে নিয়েছেন ব্র্যাডলি কুপার।

মিলা কুনিস, চ্যানিং ট্যাটাম এবং এডি রেডমেইনে অভিনীত সাই-ফাই স্পেস অপেরা ‘জুপিটার অ্যাসেন্ডিং' প্রায় দুই কোটি ডলারের আয় নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।

জুলিয়ান মুর এবং জেফ ব্রিজেস অভিনীত ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা ‘দ্য সেভেন্থ সান’ অবস্থান করছে চতুর্থ স্থানে। সিনেমাটির আয় এই সপ্তাহে ৭১ লাখ ডলার।

ব্রিটিশ অ্যানিমেটেড ফিল্ম ‘প্যাডিংটন’ আছে পঞ্চম স্থানে, ৫৪ লাখ ডলারের আয় নিয়ে।