২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যামি ২০১৫: স্যাম স্মিথের জয়, বিয়ন্সে গড়লেন ইতিহাস

পশ্চিমা সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির আসরে এবার বাজিমাত করলেন ব্রিটিশ তারকা স্যাম স্মিথ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 01:35 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

ছয়টি মনোনয়নের মধ্যে সর্বাধিক পাঁচটি পুরস্কার বাগিয়ে নিয়ে একাই সব আলো কেড়ে নিলেন তিনি। ওদিকে তিনটি পুরস্কার জিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন বিয়ন্সে নোলেস।

স্যাম স্মিথ তার ‘ইন দ্য লোনলি আওয়ার’-এর জন্য জিতে নিয়েছেন বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা সংগীত, বর্ষসেরা রেকর্ড, সেরা নতুন শিল্পী এবং সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার। নিজের চতুর্থ পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, “আমি সত্যিই দারুণ ভাল একটা রাত পার করছি!”

সেরা আর অ্যান্ড বি পার্ফর্ম্যান্স, সেরা আর অ্যান্ড বি গান ‘ড্রাঙ্ক ইন লাভ’ এবং সেরা সারাউন্ড সাউন্ড অ্যালবাম ‘অন দ্য রান ট্যুর: বিয়ন্সে অ্যান্ড জে-জি’র জন্য এবারের আসরে মোট তিনটি পুরস্কার অর্জন করেন বিয়ন্সে। এর মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা নাম লেখালেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী তারকা হিসেবে। সবমিলিয়ে ২০টি গ্র্যামি জেতা এই তারকা পেছনে ফেলেছেন অ্যারেথা ফ্র্যাঙ্কলিনের ১৭টি গ্র্যামি জয়ের রেকর্ডকে। ২৭টি গ্র্যামি জিতে তার সামনে এখন কেবল অ্যালিসন ক্রাউস।

গ্র্যামির রাতে আলো ছড়িয়েছেন ফ্যারেল উইলিয়ামসও। ‘হ্যাপি’ গানটির জন্য সেরা পপ সোলো পার্ফর্ম্যান্সসহ মোট তিনটি পুরস্কার জিতেছেন তিনিও।

‘আ ফেদার'স নট আ বার্ড’-এর জন্য সেরা আমেরিকান রুটস পার্ফর্ম্যান্স ও সেরা আমেরিকান রুটস গানের পুরস্কার জিতেছেন রোজ্যান ক্যাশ। কিংবদন্তী শিল্পী জন ন্যাশের কন্যা রোজ্যান তার ‘দ্য রিভার অ্যান্ড দ্য থ্রেড’-এর জন্য অর্জন করেছেন একই বিভাগের সেরা অ্যালবামের পুরস্কারও।

সেরা রক পার্ফমর্্যান্সের পুরস্কার জিতে নিয়েছেন জ্যাক হোয়াইট, ‘ল্যাজারেটো’ গানটির জন্য। সেরা রক গান নির্বাচিত হয়েছে প্যারামোরের ‘এইন্ট ইট ফান’। ওদিকে সেরা মেটাল পার্ফর্ম্যান্সের পুরস্কার জিতে নিয়েছে জ্যাক ব্ল্যাক এবং কাইল গ্রাসের ব্যান্ড টিনেশাস ডি; ‘দ্য লাস্ট ইন লাইন’-এর জন্য। বেস্ট অল্টারনেটিভ রক অ্যালবামের পুরস্কার জিতেছে ‘সেন্ট ভিনসেন্ট’।

সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে এমিনেমের ‘দ্য মার্শাল ম্যাদার্স এলপি টু’। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো গ্র্যামি জিতলেন এই শিল্পী। সেরা র‌্যাপ গান এবং সেরা র‌্যাপ পার্ফর্ম্যান্সের পুরস্কার জিতে নিয়েছেন কেন্ড্রিক ল্যামার, ‘আই’-গানটির জন্য।

লেডি গাগা এবং টনি বেনেট জিতেছেন সেরা ট্র্যাডিশনাল পপ অ্যালবামের গ্র্যামি। লস এঞ্জেলসের স্টেপলস সেন্টারে বসেছিল এই আসর।