শাহরুখের কাছে সালমান, আমিরের হার
হিন্দি সিনেমার তিন খান - আমির, সালমান আর শাহরুখ নিজেদের মধ্যে যতোই বন্ধুত্ব আর ভাতৃসুলভ মনোভাবের কথা বলুক, তিন অভিনেতার ভক্তরা বরাবরই কে বেশি জনপ্রিয় - তা নিয়ে যুদ্ধে মেতে থাকেন। এবারের যুদ্ধে জয়ী হলেন শাহরুখভক্তরাই। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে পঞ্চাশে পা দেওয়া সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা শাহরুখ।
বলিউড লাইফের করা এই জরিপে ৪৭ শতাংশ ভোট পেয়ে সবার ওপরের স্থানটি দখলে নিয়েছেন শাহরুখ। সালমান তার চেয়ে পিছিয়ে আছেন মাত্র চার শতাংশ ভোটে। তৃতীয় স্থানে থাকা আমির পিছিয়ে ১০ শতাংশ ভোটে।
বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেতাদের একজন হিসেবে পরিচিত শাহরুখ নিজে অবশ্য ছিমছাম তবে কেতাদুরস্ত ফ্যাশনেই বিশ্বাসী।
ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "আমার স্টাইল খুবই সরল। আঁটোসাঁটো টি-শার্ট পড়া পুরুষদের আমার কাছে আকর্ষণীয় মনে হয় না।"
তিনি আরও বলেন, "জিন্স আর ঘুমানোর পোশাকের ব্যাপারে আমার আসক্তি রয়েছে। একটি বিশেষ উপকরণের কাপড়ই আমি ব্যবহার করি। আমি শর্টস, ট্র্যাক প্যান্ট এবং টি-শার্টও পড়ি। তবে সেগুলোকে পরিস্কার হতে হয়।"
পরবর্তী সিনেমা ‘ফ্যান'-এ শাহরুখ অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। একটি চরিত্র এক সাধারণ ভক্তের, অপরটি এক সুপারস্টারের । এই চরিত্র দুটিতে তাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের জন্য কাজ করবেন অস্কারজয়ী মেইক আপ শিল্পী গ্রেগ ক্যানম।
