দিপিকা, রানভিরসহ ১৪ তারকার বিরুদ্ধে মামলা
ভারতীয় স্ট্যান্ডআপ কৌতুকাভিনেতাদের দল এআইবি আয়োজিত এআইবি রোস্ট নামের একটি কৌতুকভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে পড়েছেন দিপিকা পাড়ুকোন, রানভির সিং, অর্জুন কাপুর, সোনাক্শি সিনহা, কারান জোহারসহ ১৪ তারকা। অনুষ্ঠান চলাকালে জনসমক্ষে অশালীন ব্যবহারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।
ডিসেম্বরে মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া এআইবি রোস্টে অংশ নিয়েছিলেন এই তারকারা। অনুষ্ঠানটির ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। মামলায় ইউটিউবকেও অভিযুক্ত করা হয়েছে ভিডিওটি ছড়াতে ‘সাহায্য' করার জন্য।
মহারাষ্ট্র সরকারের অভিযোগ, এই অনুষ্ঠানে অংশ নিয়ে জনসমক্ষে অশালীন বক্তব্য প্রদান ও কুরুচিপূর্ণ ব্যবহার করেছেন তারা। অনুষ্ঠানের উপস্থাপক কারান জোহার এবং সরাসরি অংশ নেওয়া দুই তারকা রানভির সিং এবংঅর্জুন কাপুরের বিরূদ্ধে এ ব্যাপারে আলাদা তদন্ত হবে বলেও জানিয়েছে মুম্বাই পুলিশ।
অভিযোগ প্রমাণিত হলে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ রুপি জরিমানা প্রদান করতে হতে পারে এই তারকাদের।
এদিকে এই বিতর্কের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে এআইবি। সেইসঙ্গে তারা একটি ব্যাখ্যাও প্রকাশ করেছে যে, কেন তারা ভিডিওটি সরাতে বাধ্য হয়েছে। ভিডিওটি প্রথম আপলোড করা হয় ২৮শে জানুয়ারি।
