২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবা-মায়ের বিচ্ছেদ সন্তানদের জন্য ভাল'

ব্রিটিশ অভিনেত্রী কেইট উইন্সলেট মনে করেন, বাবা-মায়ের বিচ্ছেদ সন্তানদের চরিত্র গঠনের জন্য উপকারী। তার মতে, এতে করে সন্তানেরা দৃঢ় চরিত্রের অধিকারী হয়ে গড়ে ওঠে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

তিন সন্তানের মা উইন্সলেট হারপাসর্ বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিজের দুবার বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতাকে তিনি ইতিবাচক অভিজ্ঞতায় পরিণত করেছেন আর এ কারণেই কোনো কিছু বদলাতে চান না তিনি। 

“আমি মনে করি, সন্তানদের সংগ্রাম করতে শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে। সত্যি বলতে কি আমি নিজের জীবনে কোনো কিছু বদলাতে চাইনা। এমনকি খারাপ দিকগুলোতেও না।”

অস্কারজয়ী অভিনেত্রী কেইট উইন্সলেট বিয়ে করেছেন তিনবার। তার প্রথম স্বামী জিম থ্রিয়াপলেটনের সঙ্গে রয়েছে তার প্রথম সন্তান মিয়া হানি থ্রিয়াপলেটন। এরপর তিনি গাঁটছড়া বাঁধেন নির্মাতা স্যাম মেন্ডেসের সঙ্গে। জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান জো অ্যালফি উইন্সলেট মেন্ডেজ। তাদের বিচ্ছেদের পর ২০১২ সালে তিনি বিয়ে করেন নেড রকেনরোলকে। নেডের সঙ্গে জন্ম নেয় তার তৃতীয় সন্তান বিয়ার ব্লেজ উইন্সলেট।  

‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, “এটা গুরুত্বপূর্ণ না যে, কতটা সময় পার হয়েছে।আসল কথা এটাই যে, এই সময়গুলোই আপনার চরিত্র গঠনে সাহায্য করে। আর আপনি যদি নিজেকেই নিজে পছন্দ না করেন, তাহলে তো আপনি আসলে সত্যিকারের কোনো মানুষ না।”

উইন্সলেট আরও জানান, সন্তান জন্ম দেওয়ার পরপরই অতিরিক্ত মেদ দ্রুত ঝেড়ে ফেলার চলতি ধারায় তিনি বিশ্বাসী নন।

“আমি কি আমার সন্তান জন্মদান পরবর্তী বাড়তি ওজন ঝেড়ে ফেলার জন্য কোন ডায়েট অনুসরণ করছি? না, আমি তা করছি না। আমি আসলেই তা কখনো করিনি। আমি কখনোই, ‘ওহ, বাচ্চা জন্মানোর ১২ সপ্তাহের মধ্যেই আগের আকারে ফিরে যাওয়া’ নারীদের একজন হতে চাইনা। জীবন এসব ব্যাপারে সময় নষ্ট করার জন্য খুবই ছোট।”