২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলয়ের নাটকই ভরসা

রিয়ালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’—এর চ্যাম্পিয়ন নিলয় বড় আশা নিয়েই এসেছিলেন চলচ্চিত্রে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। নির্মাতারা নিলয়কে নিয়ে ভাবছেন না, যুৎসই চরিত্রও মিলছে না। তাই চলচ্চিত্রে ছেড়ে আবার নাটকেই ফিরতে হলো নিলয়কে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 03:27 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া নিলয়ের আরও মুক্তি পেয়েছে ‘রূপগাওয়াল’ এবং ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমা দুটি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ সাড়া ফেললেও ‘বেইলি রোড’ ও ‘রূপগাওয়াল’ সিনেমাগুলো বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছে।

এরপর নিলয় অভিনয় করছেন ‘ভালোবাসবোই তো’ সিনেমায়। মৌসুমীর বিপরীতে এই সিনেমায় দেখা যাবে তাকে। নির্মাতা বেলাল আহমেদ সিনেমাটি অসমাপ্ত রেখেই মারা গেলে সিনেমাটির বাকি অংশ পরিচালনা করছেন মৌসুমী।

তবে সব মিলিয়ে সিনেমায় নিলয়ের ক্যারিয়ার বেশ নড়বড়েই। চলচ্চিত্রের জন্য নাটকে অভিনয় কমিয়ে দিয়েছিলেন। এখন আবার পুরোদমে নাটকে অভিনয়ের কথাই ভাবছেন।

নিলয় গ্লিটজকে বললেন, “আমি মিডিয়াতে এসেছিলাম কেবল সিনেমার নায়ক হবো বলে। সিনেমাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। অনেক বেশি আয়োজন নিয়ে সিনেমার শুটিং হয়। কিন্তু কপাল মন্দ, সেভাবে সিনেমার অফার পা নি আমি। আমিও নাটকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিই।”

“সিনেমাতে লেগে থাকলে হয়তো অনেক কাজই করতে পারতাম। কিন্তু আমি চেয়েছি ভালো সিনেমাতে কাজ করতে। আমি কাজ নিয়ে সমঝোতা করতে পারি না। মানহীন সিনেমাতে কাজ করে দর্শকের বিরক্তির কারণ হতে চাইনি।”

নিলয়ের সমসাময়িক অভিনেতাদের কেউ কেউ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। তবে সে পথে হাটতে রাজি নন তিনি।

“আমি কখনো পার্শ্বচরিত্রে কাজ করতে চাই না। আমি চাই, সিনেমার গল্প আমাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আমিই থাকবো, সিনেমার প্রধান চরিত্রে।”

সেই সঙ্গে নির্মাতারা তাকে নিয়ে কেন ভাবছেন না তারও একটা জবাব দিলেন।

“সিনেমা মানেই বিশাল বাজেট। সব মিলিয়ে অনেক টাকাপয়সার ব্যাপার। প্রযোজকরা নিশ্চয়ই কোনোরকম ঝুঁকি নিতে চাইবেন না। ওদের মাথায় সবসময় একটা কথাই থাকে,সিনেমাতে লগ্নি করা টাকার বড় অংশ যেন তারা ফিরে পান। সেক্ষেত্রে নতুন অভিনেতাদের ব্যাপারে তারা মুখ ফিরিয়ে রেখেছেন। তাই আমাদের সুযোগও কম।”

সম্প্রতি ফয়েজ আহমেদ রেজার ‘ছেড়াদ্বীপ’ টেলিফিল্মের সেটে কথা হচ্ছিল নিলয়ের সঙ্গে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই টেলিফিল্মে নিলয় অভিনয় করছেন এক গোয়েন্দার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন মডেলিং থেকে অভিনয়ে নিয়মিত হয়ে ওঠা তানজিন তিশা।

নিলয় আরও অভিনয় করেছেন শাহীন সরকারের ‘ময়নাটিয়া’, আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’, সালাউদ্দিন লাভলুর ‘খড়কুটো, সাজ্জাদ হোসেনের ‘অলিক হাওয়া’ ধারাবাহিকে।