২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেবি’, ‘খামোশিয়া’র দাপটে ‘হাওয়াইজাদা’ ফ্লপ

নতুন বছরের শুরুতেই খরার মুখে পড়া বলিউডের বক্স-অফিসে স্বস্তির পরশ এনেছে নতুন দুই সিনেমা ‘বেবি’ এবং ‘খামোশিয়া’। তবে, আয়ুশমান খুরানা অভিনীত ‘হাওয়াইজাদা’ ব্যার্থ হয়েছে লাভের মুখ দেখতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

মুক্তির দুই সপ্তাহেই ৭৮ কোটি রুপির বেশি আয় করে এর মধ্যেই বছরের প্রথম হিট সিনেমা হওয়ার গৌরব অর্জন করেছে আক্শায় কুমারের সিনেমা ‘বেবি’। স্বল্প বাজেট এবং নতুন কলাকুশলীদের সিনেমা হলেও ‘খামোশিয়া’ ভাল ব্যবসা করছে।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেছেন, “ #বেবির আয় (দ্বিতীয় সপ্তাহ): শুক্রবার দুই কোটি ৮৫ লাখ, শনিবার ৩ কোটি ৯৯ লাখ, রবিবার ৫ কোটি ৮১ লাখ, সোমবার ২ কোটি ২০ লাখ। সব মিলিয়ে ৮৭ কোটি ৭৬ লাখ।”

মুক্তির প্রথম দিনে মাত্র ৯ কোটি ৩০ লাখ রুপি ব্যবসা করলেও ধীরে ধীরে বেড়েছে নিরাজ পান্ডে পরিচালিত সিনেমাটির আয়। সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া এই সিনেমা পরের তিন দিনে সব মিলিয়ে আয় করে নেয় প্রায় ৩৭ কোটি রুপি। ভারতের প্রজাতন্ত্র দিবসেও ভাল ব্যবসা করে সিনেমাটি। আয় করে নেয় প্রায় ১৫ কোটি রুপি। প্রযোজকেরা আশা করছেন শিগগিরই ১০০ কোটি রুপির ক্লাবে অন্তভর্ূক্তি ঘটবে সিনেমাটির।

এছাড়াও মুক্তির প্রথম সপ্তাহান্তে ৬ কোটি ৬৭ লাখ রুপি আয় করে নিয়েছে ভিশেশ ‍ফিল্মসের নতুন হরর সিনেমা ‘খামোশিয়া’। সাপ্না পাব্বি, গুরমিত চৌধুরি, আলি ফজল- সিনেমার তিন প্রধান চরিত্রের শিল্পী নবাগত হলেও সিনেমাটি দর্শক টানছে। মাত্র ১১ কোটি রুপি বাজেটে নির্মীত হওয়ায় শিগগিরই এটিও হিটের খাতায় নাম লেখাবে বলেই ধারণা করছেন প্রযোজকেরা।

ওদিকে বড় বাজেটের এবং ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা আয়ুশমান খুরানার উপস্থিতি সত্বেও বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘হাওয়াইজাদা’। কোইমোই ডটকম বলছে, সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে কেবল দুই কোটি রুপি। ভারতের বাইরেও ব্যবসা করতে পারছে না সিনেমাটি।