২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন বিগ বি

কেবল অভিনয় কিংবা উপস্থিতি নয়, কণ্ঠের জন্যও সমানভাবে পরিচিত অমিতাভ বচ্চন। আর সেই জলদগম্ভীর কণ্ঠেই শোনা যাবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ম্যাচের বিবরণ। কারণ ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বিগ বির। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:15 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

১৫ই ফেব্রুয়ারি হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেবেন তিনি। তার সঙ্গে থাকবেন হার্শা ভোগলে, কপিল দেব এবং শোয়েব আখতার। 

তবে এ সবই তিনি করছেন তার নতুন সিনেমা ‘শামিতাভ’ - এর প্রচারের অংশ হিসেবে। স্টার স্পোর্টস এবং ‘শামিতাভ’ নির্মাতারা একজোট হয়ে নিয়েছেন এই উদ্যোগ। অমিতাভ অবশ্য তার কৃতিত্বের মুকুটে নতুন পালক যুক্ত করতে পেরে বেশ খুশি। অমিতাভক এ বিষয়ে বলেন, “এই দেশে মানুষের অনুভূতির ওপর রাজত্ব করে দুটি জিনিস - ক্রিকেট আর সিনেমা। আমার জন্য দুই ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ সময়। আমার সিনেমা মুক্তি পাচ্ছে ৬ই ফেব্রুয়ারি এবং তারপর ধারাভাষ্যকার হিসেবে আমার অভিষেক ঘটবে।”

‘শামিতাভ’ নির্মাতা আর বালকি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি জানি লাখো মানুষ আমার সঙ্গে একমত হবেন যে, বচ্চন সাহেবের কণ্ঠ করতে পারে না এমন কিছু নেই। তিনি অনেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ধারা বিবরণী দিয়েছেন এবং বহু তথ্যচিত্র ও সামাজিক উদ্দেশ্যে কণ্ঠ দিয়েছেন। যে জিনিসটি তিনি এখনও করেননি সেটা হলো ক্রিকেটের ধারাভাষ্য দেওয়া। “

শুধু তাই নয়, ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধার ক্ষেত্রেও তার এই উদ্যোগ কাজে লাগবে বলে মনে করেন বালকি। 

৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘শামিতাভ’- এ বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক অভিনেতার জন্য কণ্ঠদানকারীর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। সিনেমায় আরও দেখা যাবে ধানুশ ও আক্শারা হাসানকে।