২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মুখে শাহরুখের সংলাপ

বাগ্মীতার জন্য বেশ খ্যাতি রয়েছে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার। তবে যে ভাষণের মাধ্যমে ভারতে তিন দিনের সফরের সমাপ্তি টানলেন তা সত্যিই চমকে দিয়েছে সবাইকে। বিশেষ করে ভাঙ্গা হিন্দিতে শাহরুখ খান আর কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমার জনপ্রিয় একটি সংলাপ আওড়ে উপস্থিত শ্রোতাদের বিস্মিত করেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে ভাষণের এক পযর্ায়ে ওবামা বলেন, "সেনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে...জানেনই তো কি বলছি।" 

ডিডিএলজে সিনেমায় শাহরুখ কাজলকে উদ্দেশ্য করে সংলাপটি বলেন। পুরো সংলাপটি ছিল, "সেনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি হি রাহতি হ্যায়।" সংলাপটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় সংলাপগুলোর একটি হিসেবে এটিকে ধরা হয়। 

ওবামা আরও বলেন,  "গত সফরে আমি কয়েকজন শিশুর সঙ্গে নেচেছিলাম এবং দীপাবলী উদযাপন করেছিলাম। এবার নাচা হলো না বলে আমি দুঃখিতI"

এদিকে ওবামার ভাষণের অংশ হতে পেরে ভীষণ গর্বিত শাহরুখ খান। সেই সঙ্গে পরের বার নিজের গান 'ছাইয়া ছাইয়া'তে নাচার আহ্বানও জানিয়ে দিলেন এই ফাঁকে। 

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ লেখেন, "প্রেসিডেন্ট ওবামার লিঙ্গ ও ধর্মীয় সমতা ভাষণের অংশ হতে পেরে গর্ববোধ করছি. তিনি ভাংড়া (এক ধরনের পাঞ্জাবী নাচ) করতে পারলেন না তাই দুঃখ হচ্ছে, পরের বার অবশ্যই ছাইয়া ছাইয়া হবে।"