২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বৈচিত্র্য বাড়াতে এগিয়ে আসুন'

চলতি বছরের অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের পর থেকেই চলছে বিতর্ক। অভিনয়শিল্পীদের তালিকায় কেবলমাত্র শ্বেতাঙ্গদের থাকা এবং নির্মাতা বিভাগের সবাই পুরুষ হওয়ায় এবারের অস্কারকে অনেকেই অভিহিত করছেন ‘বৈচিত্রহীন’ হিসেবে। এ নিয়ে সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন একাডেমি প্রধান শেরিল বুন আইজ্যাক। বললেন, হলিউডি সিনেমায় বৈচিত্র বাড়াতে তারা বদ্ধপরিকর, তবে অন্যদেরও এগিয়ে আসতে হবে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

“গত দুই বছরে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আরও উদার এবং বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছি অতীতের যে কোন সময়ের তুলনায়। বিভিন্ন গোষ্ঠীর মানুষকে এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা এসব পদক্ষেপ নিয়েছি।”

শেরিল বুন আইজ্যাক, যিনি নিজে আফ্রিকান আমেরিকান নারী হিসেবে অস্কার কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, জানান, অস্কার মনোনয়নে আরও বেশি বৈচিত্রের সমাহার তিনি নিজেও দেখতে চান ভবিষ্যতে।

এদিকে ৮৭ তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই শ্বেতাঙ্গদের আধিপত্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘অস্কারসোহোয়াইট’ নামের হ্যাশট্যাগের ব্যাপক প্রচলন শুরু হয়ে যায়।

কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের প্রধান ব্যক্তি মার্টিন লুথার কিং কে নিয়ে নির্মীত সিনেমা ‘সেলমা’র মাত্র দুটি মনোনয়ন এবং এটির পরিচালক এভা দ্যুভারনে ও অভিনেতা ডেভিড ওয়েলোর সেরা নির্মাতা ও সেরা অভিনেতার মনোনয়ন না পাওয়াটাকে অনেকেই দেখছেন অস্কার কমিটির বর্ণবাদী আচরণের প্রতিফলন হিসেবে।

এবারের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সিনেমাটির অন্যতম অভিনেতা ওয়েন্ডেল পিয়ার্স বিস্ময় প্রকাশ করেন ডেভিড ওয়েলোর সেরা অভিনেতার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া নিয়ে।

কিন্তু শেরিল বুন আইজ্যাক বলেন, সবচেয়ে বড় পুরস্কার সেরা চলচ্চিত্র বিভাগে ‘সেলমা’র মনেনায়নই সিনেমাটির গুরুত্ব প্রমাণ করে। আর এই মনোনয়ন অস্কার কমিটির সবাই মিলেই নির্ধারন করেছেন।

তিনি আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বাকিরাও যদি পদক্ষেপ গ্রহণ করেন, তাহলেই হলিউডি সিনেমা আরও বৈচিত্রপূর্ণ হবে।

“আমরা আশা করি ইন্ডাস্ট্রির অন্যরাও পদক্ষেপ গ্রহণ করবেন এই ক্ষেত্রকে আরও উদার এবং বৈচিত্র্যপূর্ণ করে তোলার জন্য।”