২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদান হয়নি রানবির-ক্যাটরিনার

যুক্তরাজ্যে নববর্ষ উদযাপন শেষে সবে মাত্র কাজে ফিরেছেন তারকা জুটি রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ। এবারের ছুটিতে বিশেষ কিছু ঘটেছে এই যুগলের জীবনে, এমনটাই ছিল অনেকের ধারণা। কিন্তু ভক্তদের আশার গুড়ে বালি দিয়ে তারা জানালেন, বাগদান হয়নি তাদের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

বরাবরের মত এবারও পুরনো বছরকে বিদায় জানাতে ভারতের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যাট-রানবির। গুঞ্জন উঠেছিল, গত বছরের ৩০শে ডিসেম্বর নাকি আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছেন তারা। এমনও শোনা যায়, রানবিরের বাবা-মা ঋষি কাপুর এবং নিতু কাপুরও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।

দেশে ফিরে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন ক্যাট। সেখানে তার বাম হাতের অনামিকায় দেখা যায় এক হীরের আংটি, যা এই গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছিল। কিন্তু সম্প্রতি খবরটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন তাদের মুখপাত্র।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডেকে আরেকটি সূত্র বলেছে, "যখন তাদের বাগদান হবে তখন সবাইকে জানানো হবে। কাপুর পরিবারের আলাদা পরিকল্পনা রয়েছে এই দুজনকে নিয়ে, তবে এখনই এমন কিছু হচ্ছে না।"

২০০৯ সাল থেকে প্রেম করার পর সম্প্রতি এক ছাদের নিচে বসবাস করা শুরু করেছেন ক্যাট-রানবির। চলতি বছর মুক্তি পাচ্ছে এ জুটির তৃতীয় সিনেমা ‘জাগগা জাসুস’