২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার ২০১৫: শ্বেতাঙ্গদের রাজত্ব

গত বছরের অস্কার আসরে কৃষ্ণাঙ্গদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তবে এবার দীর্ঘ বিরতির পর মনোনয়নের তালিকায় নেই কোনো কৃষ্ণাঙ্গ শিল্পী। শুধু তাই নয় ব্রিটিশদের দাপট দেখা যাচ্ছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:01 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

‘দ্য ইমিটেশন গেইম’, ‘দ্য থিওরি অফ এভরিথিং’ এবং ‘গন গার্ল’—এ বছর অস্কারের আসর মাত করতে কোমর বেঁধে নেমেছে ব্রিটিশরা। সেরা অভিনেতা এবং অভিনেত্রী দুই বিভাগেই মনোনীত হয়েছে দুজন করে ব্রিটিশ শিল্পী। সেরা সিনেমার ক্ষেত্রেও হয়েছে তাই।

সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে ‘দ্য ইমিটেশন গেইম’, একই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে লড়বেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর তালিকায় আছেন কিরা নাইটলি।

অপরদিকে সেরা অভিনেতা বিভাগে আছেন ‘দ্য থিওরি অফ এভরিথিং’-এর এডি রেডমেইন, এই সিনেমার জন্যই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তার সহ-শিল্পী ফেলিসিটি জোন্স। আর ‘গন গার্ল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রীর মনোনয়ন হাতিয়ে নিয়েছেন রোজামুন্ড পাইক।

এছাড়া সেরা সঙ্গীত, প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এবং সিনেমাটোগ্রাফির মত চারটি বিভাগে মনোনীত হয়েছে ব্রিটিশ বায়োপিক ‘মিস্টার টার্নার’। 

অনেকদিন পর এ বছর অস্কারের মনোনয়নে কৃষ্ণাঙ্গ শিল্পীদের অভাব অনুভব করছে দর্শক। গত দুই দশকে এমন ঘটনা মাত্র দুবার ঘটেছে।

মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের গল্প ‘সেলমা’ সেরা সিনেমার বিভাগে মনোনয়ন পেলেও আর কোথাও ঠাঁই হয়নি সিনেমাটির। এতে কিংয়ের চরিত্রে রূপদান করে প্রথম থেকেই আলোচনায় ছিলেন অভিনেতা ডেভিড ওয়েলুয়ো, কিন্তু সেরা অভিনেতা হিসেবে তার মনোনীত না হওয়াটা অনেককেই অবাক করেছে।

২০১১ সালেও মনোনীত ২০ মনোনীত শিল্পীর মধ্যে একজনও কৃষ্ণাঙ্গ ছিলেন না। তারও আগে আরেকবার এই ঘটনা দেখা যায় ১৯৯৮ সালে।

পুরো বিষয়টিকে ‘বর্ণবাদ’-এর নাম দিচ্ছে কেউ কেউ। হলিউড ডাইভারসিটি কমিটির প্রধান আল শার্পটন বলেন, "অস্কার মনোনয়নে এ বছর দেখা যায়নি কোনো বৈচিত্র্য, যা খুবই ন্যাক্কারজনক। ‘সেলমা’সহ অন্যান্য বেশ কয়েকটি ভালো সিনেমা নির্মাণ করেছেন কৃষ্ণাঙ্গরা, কিন্তু অস্কারে দেখা যায়নি একজন কৃষ্ণাঙ্গকেও।"

শার্পটন আরও বলেন, "হলিউড হল পর্বতের মত, যত উপরে উঠবেন তত আপনি সাদাদের দেখবেন।"

বিশেষ করে ‘সেলমা’র জন্য এভা দ্যুভারনে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাবেন - এমনটা সবাই ধরে নিয়েছিলেন।  প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্মাতা হিসেবে অস্কারের মনোনয়ন পাবার রেকর্ড গড়া হলো না তার।