শীর্ষে ‘টেকেন থ্রি’
তিন সপ্তাহ টানা রাজত্ব করার পর ‘দ্য হবিট: ব্যাটেল অফ ফাইভ আর্মিজ’কে সিংহাসনচ্যুত করলো ‘টেকেন থ্রি’। লিয়াম নিসন অভিনীত এই অ্যাকশন থ্রিলার সিরিজের তৃতীয় পর্ব, মুক্তির প্রথম তিন দিনেই আয় করে নিয়েছে চার কোটি ডলারের বেশি।
যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে এখন দ্বিতীয় স্থানে আছে মার্টিন লুথার কিং-এর জীবনীভিত্তিক সিনেমা ‘সেলমা’। মুক্তির পরপরই সিনেমাটি আয় করে নিয়েছে এক কোটি ১২ লাখ ডলার। তৃতীয় স্থানে আছে ডিজনির নতুন সিনেমা ‘ইনটু দ্য উডস’; প্রায় এক কোটি ডলার আয় নিয়ে।
গত তিন সপ্তাহ ধরে বক্স-অফিসের শীর্ষে থাকা ‘দ্য হবিট’ সিরিজের শেষ পর্ব ‘দ্য হবিট: ব্যাটেল অফ ফাইভ আর্মিজ’ অবস্থান করছে চার নম্বরে। চলতি সপ্তাহে ৯৪ লাখ ডলার আয় করেছে সিনেমাটি।
মার্কিন জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিরিজ ‘টেকেন’-এর তিন নম্বর পর্বেও সাবেক সিআইএ এজেন্ট ব্রায়ান মিলস-এর চরিত্রে দেখা গেছে লিয়াম নিসনকে। সিরিজটির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ২০১২ সালে।
