পাকিস্তানি ওয়েবসাইটকে আমিরের আইনি নোটিশ
বিতর্ক আর ‘পিকে’ যেন সমার্থক হয়ে দাড়িয়েছে। সম্প্রতি সিনেমাটি নিয়ে আমির খানের একটি ‘ভুয়া’ সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, পাকিস্তানি কিছু ওয়েবসাইটের মাধ্যমে। ক্ষুব্ধ আমির এবার আইনি নোটিশ পাঠালেন এই ওয়েবসাইটগুলোকে।
“পিকে নিয়ে পাঁচটি প্রশ্নে আমির খানের উত্তর”-এই শিরোনামে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটিতে ‘পিকে’তে ইসলাম ধর্মকে বাদ দিয়ে কেন কেবল হিন্দু ধর্মকে তুলে ধরা হয়েছে - এই ধরনের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে আমির খানকে। আমির খানের আইনজীবিদের দাবী, সাক্ষাৎকারটি পুরোপুরি ‘ভুয়া’। আর তাই পাকিস্তানি ওয়েবসাইটগুলোকে আইনি নোটিশ পাঠাচ্ছেন তারা।
আমিরের তরফ থেকে এই নোটিশ পাঠিয়েছেন আনান্দ দেসাই। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি বলেন, ‘বানোয়াট’ ওই সাক্ষাৎকারে আমিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
“বিভিন্ন পাকিস্তানি ওয়েবসাইটে তার নতুন সিনেমা ‘পিকে’ নিয়ে ছাপা সাক্ষাৎকার দেখে আমির খান স্তম্ভিত। তিনি কখনোই এরকম কোন সাক্ষাৎকার দেননি। এটা পরিস্কার যে, কেউ আমির খান সেজে এই বানোয়াট সাক্ষাৎকার দিয়েছে, ওয়েবসাইটের কাটতি বাড়ানোর জন্য। এটা আমাদের মক্কেলের জন্য অবমাননাকর।”
তিনি আরও বলেন, আমির খান এখন যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরেই তিনি এ ব্যাপারে মামলা দায়ের করবেন।
“আমরা আজ জনাব খানের পক্ষ থেকে ওয়েবসাইটগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছি। এ ধরনের প্রতারণা আমাদের মক্কেলের অধিকারের মারাত্মক লঙ্ঘনের সামিল এবং আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। মুম্বাইয়ে ফিরেই মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেলে এ ব্যাপারে আমির মামলা দায়ের করবেন।”
