‘সেইসব শিল্পীরা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য’
খেলার মাঠের গণ্ডি পেরিয়ে গানের মঞ্চে উত্থান বাবার হাত ধরে। প্রথম মিশ্র অ্যালবামের সহশিল্পী বাবা। বিদেশ বিভূয়ে সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যাওয়াও বাবার হাত ধরেই। দেশে ফিরে প্রথম একক অ্যালবামটিও বাবাকে উৎসর্গ করেছেন। যার প্রত্যেকটি কাজের আদি ও অন্তে বাবা আবদুল জব্বার জড়িয়ে আছেন সেই মিথুন জব্বার মনে করেন, বাবার কারণেই সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া তার জন্য কঠিন।
‘সালাম সালাম হাজার সালাম’, ‘তুমি কি দেখেছ কভু’, ‘পিচঢালা এই পথটারে’র মতো অমর গানের শিল্পী আবদুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার। বাবার হাত ধরেই মঞ্চে গান গাওয়ার শুরুটা। মিথুন তখন ও লেভেলে পড়ছেন সেইন্ট যোসেফ স্কুলে। সেসময় খেলাধূলাতেই বেশি আগ্রহী তিনি।
এমনই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাসুন্নাহার হলের এক অনুষ্ঠানে আবদুল জব্বার দুটি গান গাওয়ার পরই সন্তান মিথুনকে সুযোগ করে দেন। এরপর তিন দশক পেরিয়ে গেছে। আজও নিজেকে প্রতিষ্ঠার চেষ্টাই করে যাচ্ছেন মিথুন।
এর মাঝে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটি ইউনিভার্সিটির মিউজিক প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন মিথুন। দেশে ফিরে সুধাম বিশ্বাসের শিষ্যত্ব নিয়েছেন।
গত বছর বাবাকে উৎসর্গ করে মিথুন প্রকাশ করেছেন আধুনিক ধাঁচের গানের অ্যালবাম ‘স্মৃতির বাড়ি’। নিজেদের প্রতিষ্ঠান এজে সন্স মিডিয়া প্রডাকশনের ব্যানারেই প্রকাশিত হয় অ্যালবামটি। অ্যালবামটি প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে মিথুন জানালেন, ব্যাবসায়িক লাভের উদ্দেশ্যে কাজটি করেননি মিথুন।
সেইসঙ্গে একটা অ্যালবামের কাজ কিভাবে করতে হয়, গানের মেধা বিবেচনায় তার ভিডিও কেমন হয়, তারও উদাহারণ তৈরি করতে চেয়েছেন তিনি।
বললেন, শুরুর দিকে বাংলাদেশের মিউজিক ভিডিওর কাজগুলো বেশ ভালো হয়েছে। তবে হাল আমলের কাজগুলোর কোনো মানে খুঁজে পাননা তিনি। এ বিষয়টিকে মাথায় রেখেই তিনি ও তার স্ত্রী জিনাত ইকরামউল্লাহ মিউজিক ভিডিও তৈরির চিন্তা করেন যুক্তরাষ্ট্রে বসে। সেখানেই কাজের সূচনা হয় শাহরিয়ার রহমান সজীবকে নিয়ে। এরপর বাংলাদেশের রম্য খানের দক্ষ হাতের ছোঁয়াও নিয়েছেন বেশ কয়েকটি গানে।
কিন্তু মিথুন জানালেন, দেশে সুষ্ঠু বিপণন ও প্রচার ব্যাবস্থা না থাকায় তাদের পরিশ্রমের ফলাফল শূন্যের কাছাকাছি। এক বছরে তিনি অ্যালবামটি নিয়ে মুষ্টিমেয় শ্রোতার কাছেই পৌছাতে পেরেছেন।
“টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গানগুলো নিয়মিত পাচ্ছে শ্রোতারা। এটা যথেষ্ট নয়। এই মাধ্যমে অ্যালবাম সম্পর্কে কেউ জানতে পারে, কেউ পারে না।”
এক্ষেত্রে দুই শক্তিশালী মাধ্যম রেডিও ও টেলিভিশ - বড় ভূমিকা পালন করতে পারে মনে করেন মিথুন। তবে মন্তব্য করলেন, “এদের যে ভূমিকা পালন করা উচিত তা তারা করে না। যাদের সহযোগিতা করা উচিত, করে না। বরং যারা ভালো কাজ দিতে পারে না তারাই এখানে বেশি প্রভাবশালী।”
“এর ফলে সেইসব শিল্পীরা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কিছু টাকা খরচ করে তারা অ্যালবাম বের করে। প্রচারণা মাধ্যমগুলোকে ব্যবহার করে প্রচারণার কেন্দ্রবিন্দুতে থেকে প্রকৃত শিল্পীদের করছে বঞ্চিত।”
“সময় নিয়ে বা চর্চা করে গাইতে গেলে এরাই আবার ভালো করে। এই হল বাংলাদেশের দশা।”
বললেন, শিল্পী বাবার সন্তান হিসেবে নিজের ওপর চাপের কথা, “আমি একটা অ্যালবাম বের করেছি। আমার জন্য কাজটা অন্যের চেয়ে অনেক কঠিন। আমার একটা পরিচয় আছে। আমার বাবা কণ্ঠসৈনিক মোহাম্মদ আবদুল জব্বার। আমাকে অবশ্যই ভালো করতে হবে এবং সেটা যে কোনো মানের হলে চলবে না। অবশ্যই সর্বোচ্চ মানের হতে হবে।”
আর তাই অনেকটাই হতাশা ঝরে পড়লো তার কণ্ঠে, “করতে চাই অনেক কিছু। কিন্তু আমি একা। একটা অ্যালবাম করেছি। সেটাই ঠিক মতো প্রচার হয়নি। আমি নতুন গান করবো কিভাবে?”
আবার কিছুটা আশার আভাসও দিলেন, “বাংলাদেশের সিনেমা জগত নিয়ে আবার নতুন করে আশার সঞ্চার হয়েছে। আবার জেগে ওঠার লক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশের সিনেমা জগত। আমিও এই জেগে উঠা পর্বের সঙ্গী হওয়ার চিন্তা করছি। আমার স্ত্রী জিনাত ইকরামউল্লাহকে সঙ্গে নিয়ে।”
মিথুনের কণ্ঠের গান প্রথম ধারণ করা হয় দ্বৈত মিশ্র অ্যালবাম ‘শুভেচ্ছা’র জন্য, যেটায় তার সঙ্গী ছিলেন আবদুল জব্বার। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে বেশ কয়েকটি নাটকের শীর্ষ সংগীতও গেয়েছেন তিনি, যার মধ্যে ধারাবাহিক নাটক ‘অরণ্যের দিনরাত্রি’র শীর্ষ সংগীত ‘হেরোইন হেরোইন’ উল্লেখযোগ্য।
