৬০০ কোটি ছাড়ালো ‘পিকে’র আয়
আমির খান অভিনীত ‘পিকে’র আয় ছাড়িয়ে গেছে ৬০০ কোটি রুপি। এরই মধ্যে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব জেতা সিনেমাটর জন্য এটি এক নতুন মাইলফলক।
মুক্তির তৃতীয় সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৬২০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে ‘পিকে’। ভারতের ভেতরেই সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে সাড়ে চারশ কোটি রুপি। ওদিকে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ছাড়িয়েছে দেড়শ কোটি রুপি।
বিশ্বব্যাপী সর্বমোট আয়ে অন্য সব সিনেমাকে ছাড়িয়ে গেলেও আন্তর্জাতিক আয়ের দিক থেকে এখনও ‘পিকে’র চেয়ে এগিয়ে ‘ধুম থ্রি’। ২০১৩ সালের সিনেমাটি আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে আয় করেছিল ১৭০ কোটি রুপি।
১৯শে ডিসেম্বর মুক্তি পাওয়া ‘পিকে’ বক্স-অফিসে সাফল্য ছাড়াও বারবার শিরোনামে এসেছে নানা বিতর্কের কারণে। মুক্তির পর থেকেই রাজকুমার হিরানির সিনেমাটিকে হিন্দু উগ্রবাদী দলগুলো আখ্যা দিয়েছে ‘হিন্দুত্ব বিরোধী’ হিসেবে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাঙ্গ দলের মতো উগ্রপন্থী দলগুলো হলে হামলা চালিয়ে সিনেমাটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দলগুলোর পক্ষ থেকে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণারও দাবি উঠেছে।
