২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস চয়েস ২০১৫: শীর্ষে ‘ম্যালেফিসেন্ট’, ‘দ্য বিগ ব্যাং থিওরি’

শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ডের মৌসুম। পিপলস চয়েস অ্যাওয়ার্ডস আসরে শোনা গেল 'ম্যালেফিসেন্ট' এবং 'দ্য বিগ ব্যাং থিওরি'র জয়জয়কার। এছাড়াও একাধিক পুরষ্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, জেনিফার লরেন্স এবং টেইলর সুইফট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বড় পর্দায় সেরা যারা 

প্রিয় চলচ্চিত্রাভিনেতা এবং ড্রামা বিভাগে প্রিয় অভিনেতা হিসেবে দুটি অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন 'আয়রন ম্যান' রবার্ট ডাউনি জুনিয়র। অপরদিকে প্রিয় চলচ্চিত্রাভিনেত্রী এবং অ্যাকশন বিভাগে প্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেনিফার লরেন্স।

অ্যাকশন ঘরানায় প্রিয় অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড জিতেছেন 'ক্যাপ্টেন আমেরিকা' খ্যাত ক্রিস ইভানস, ড্রামা বিভাগে প্রিয় অভিনেত্রী হিসেবে পুরষ্কার পেয়েছেন ক্লোয়ি মর্টেজ।

দর্শকদের ভোটে প্রিয় চলচ্চিত্র এবং পারিবারিক ঘরানার প্রিয় চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আঞ্জেলিনা জোলির 'ম্যালেফিসেন্ট'। থ্রিলার ঘরানায় সেরার খেতাব জিতেছে 'গন গার্ল'।

কমেডি বিভাগে প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী হয়েছেন যথাক্রমে অ্যাডাম স্যান্ডলার এবং মেলিসা ম্যাকার্থি। প্রিয় কমেডি সিনেমা হিসেবে দর্শক ভোট দিয়েছে 'টুয়েন্টি টু জাম্প স্ট্রিট'কে।

ছোট পর্দার বিজয়ীরা

ছোট পর্দায় একাধিক পুরষ্কার জিতেছে কমেডি সিটকম 'দ্য বিগ ব্যাং থিওরি'। প্রিয় টিভি শো এবং প্রিয় কমেডি টিভি শো হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে অনুষ্ঠানটি। এছাড়া কমেডি ঘরানায় সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 'বিগ ব্যাং থিওরি'র কেলি কোকো সুইটিং।

কমেডি ড্রামা হিসেবে সেরা হয়েছে 'অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক', প্রিয় ক্রাইম ড্রামার পুরষ্কার পেয়েছে 'ক্যাসল'। প্রিয় ক্রাইম ড্রামা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 'ক্যাসল'- এর স্টানা ক্যাটিক।

ড্রামা ঘরানার সব পুরষ্কার গেছে 'গ্রেস অ্যানাটমি'র ঝুলিতে। প্রিয় ড্রামা সিরিজ ছাড়াও ড্রামা ঘরানায় প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন প্যাট্রিক ড্যাম্পসি এবং এলেন পম্পিও।

নতুন টিভি সিরিজ হিসেবে সেরা হয়েছে 'দ্য ফ্ল্যাশ' এবং 'জেইন দ্য ভার্জিন'। প্রিয় টিভি জুটি হিসেবে এবারও পুরষ্কার গেছে 'দ্য ভ্যাম্পায়ার ডায়রিজ'-এর ইয়ান সোমারহাল্ডার এবং নিনা ডভরেভের হাতে।