‘ঘোস্ট ইন দ্য শেল’- এ জোহানসন
জাপানী ম্যাংগা সিরিজ ‘ঘোস্ট ইন দ্য শেল’- এর সিনেমা সংস্করণে এবার দেখা যাবে স্কারলেট জোহানসনকে।
সাইবারপাঙ্ক ঘরানার এই সিরিজ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে ড্রিমওয়ার্কস। ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জোহানসন।
সিনেমাটি পরিচালনা করবেন ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ খ্যাত ব্রিটিশ নির্মাতা রুপার্ট স্যান্ডার্স। চিত্রনাট্য লিখবেন ‘দ্য রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট’ খ্যাত বিল হুইলার।
‘ঘোস্ট ইন দ্য শেল’- এর কাহিনি গড়ে উঠেছে জাপানের গণনিরাপত্তা কমিশনের এক সদস্যকে নিয়ে, যিনি সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করছেন।
‘অ্যাভেঞ্জাসর্’ এবং ‘লুসি’ - পরপর দুটি অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করার পর এবার একাধিক অ্যাকশন চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসছে ৩০ বছর বয়সী জোহানসনের কাছে। চলতি বছরও ‘অ্যাভেঞ্জাসর্’এর নতুন কিস্তিতে ব্ল্যাক উইডোর ভূমিকায় দেখা যাবে তাকে।
জনপ্রিয় ম্যাংগা সিরিজ ‘ঘোস্ট ইন দ্য শেল’ জাপানে প্রথম প্রকাশিত হয়ে ১৯৮৯ সালে। এরপর এই সিরিজের কাহিনি থেকে নির্মিত হয়েছে একটি অ্যানিমে ফিল্ম এবং ভিডিও গেইম।
