গাঁটছড়া বাঁধলেন জোসেফ গর্ডন-লেভিট
প্রেমিকা টাশা ম্যাকাওলির সঙ্গে গোপনে বিয়ের কাজটা সেরে ফেললেন মার্কিন অভিনেতা জোসেফ গর্ডন-লেভিট।
২০শে ডিসেম্বর ঘরোয়াভাবে বিয়ে করেন তারা। রোবট নির্মাতা প্রতিষ্ঠান 'ফেলো রোবটস'-এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন লেভিটের স্ত্রী।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় মুখে কুলূপ এঁটে রাখেন লেভিট। কিন্তু এর আগে এক সাক্ষাৎকারে লেভিট বলেছিলেন, তার প্রেমিকা জনসম্মুখে আসতে পছন্দ করেন না।
“আমার প্রেমিকা আছে, তবে আমি এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না।” বলেন লেভিট।
তিনি আরও বলেন, “আমি সিনেমায় কাজ করি, পর্দায় আমি অন্যদের ভূমিকায় অভিনয় করি। আমি চাই না কার সঙ্গে আমি প্রেম করছি তা নিয়ে লোকজন কথা বলুক।”
