'পিকে কি অসাধারণ সিনেমা নয়?'
ভারতজুড়েই ‘পিকে’র বিরুদ্ধে পথে নেমেছে হিন্দু উগ্রপন্থীরা। সিনেমাটি বয়কটের দাবী যেমন উঠছে, তেমনি উঠছে করমুক্ত প্রদর্শনের দাবীও। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড এবং নতুন প্রজন্মের দর্শকরা।
সিনেমাটি দেখে সালমান খান প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন, “ পিকে কি অসাধারণ সিনেমা নয়?”
শুধুমাত্র সালমানের মনেই জাগেনি এমন প্রশ্ন। উগ্রপন্থীদের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রযোজক কারান জোহারও। তিনি টুইট করেন, “সেন্সরবোর্ডের ছাড়পত্র পাবার পরও একটি সিনেমার উপর আক্রমণ করা হচ্ছে, যা মেনে নেয়া যায় না। এটা কোন ধরনের গণতন্ত্র?”
উগ্রবাদী বিক্ষোভকারীদের সমালোচনা করে টুইট করেছেন পুজা বেদি, উদয় চোপড়া, প্রযোজক রিতেশ সিধওয়ানিসহ আরও অনেকে।
'পিকে' সিনেমাটি মুক্তি পাবার পর এর কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার জোর দাবী উঠেছে হিন্দু নেতাদের মধ্যে থেকে। তাদের অভিযোগ, এই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে। ধর্মকে ব্যবহার করে বাণিজ্য করা হচ্ছে 'পিকে'র মাধ্যমে।
হিন্দু ধর্মের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' হিসেবেও আখ্যায়িত করা হয় 'পিকে'কে।
কিন্তু সিনেমাটি দেখে হল থেকে বের হওয়ার পর অনেকটাই ভিন্ন মতামত দিচ্ছেন নতুন প্রজন্মের দর্শকেরা।
৩৩ বছর বয়সী অয়নাভ বাগচি বলেন, “খুবই দুঃখজনক ব্যাপার যে অনেকে সিনেমাটি না দেখেই বিক্ষোভ করছেন। পুরো সিনেমাটি দেখলে সবাই বুঝতে পারবেন, এতে হিন্দু ধর্মকে ছোট করা হয়নি। একজন হিন্দু হিসেবে আমি এতে ধর্মের অবমাননা করার মত কিছুই দেখিনি।”
২৩ বছর বয়সী রাগিনি ঝা সম্প্রতি দেখেছেন 'পিকে', সিনেমাটি আরও একবার দেখার ইচ্ছা পোষণ করেন তিনি। সামাজিক সংগঠন 'আযর্ সমাজ'-এর নেতা অগ্নিভেশ মনে করেন, করমুক্ত করে দেয়া উচিত সিনেমাটিকে।
অগ্নিভেশ বলেন, ''পিকে'র মাধ্যমে বর্তমান সময়ের ধর্ম বিশ্বাস নিয়ে অনেক কঠিন সত্য উঠে এসেছে। এতে সমস্যা হবে শুধুমাত্র তাদেরই, যারা আসলে ভণ্ড।”
১৯শে ডিসেম্বর মুক্তি পায় বিদ্রুপাত্মক কমেডি 'পিকে'। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা এবং সুশান্ত সিং রাজপুত।
'পিকে' নিয়ে নানামহলের বিক্ষোভ দেখে মর্মাহত হয়েছে নির্মাতা হিরানি। তিনি বলেন, “আমাদের সিনেমা 'পিকে' নিয়ে যে ধরনের সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়েছে, তা দেখে আমি খুবই দুঃখিত। 'পিকে'র সম্পূর্ণ ইউনিটের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাই, যাদের অনুভূতিতে আঘাত লেগেছে। আমি শুধু একটি কথাই বলবো, পুরো সিনেমাটি দেখুন তারপর বিচার করুন।”
হিন্দি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করেছে 'পিকে'। ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারে খুব দ্রুত সিনেমাটি এগিয়ে যাচ্ছে পাঁচশো কোটি রুপি আয়ের দিকে, কিন্তু এই কয়েক দিনের বিতর্কে বক্স-অফিসে খানিকটা ধীর হয়ে এসেছে 'পিকে'র গতি।
মাল্টিপ্লেক্স সিনেমা হল বিগ সিনেমাসের প্রধান নির্বাহী আশিশ সাক্সেনা এ ব্যাপারে বলেন, “পিকের ব্যাবসা ভালই হচ্ছিল; কিন্তু দুই-তিন দিন ধরে আয়ে কিছুটা ধ্বস নেমেছে একে ঘিরে নানা রকমের বিতর্ক সৃষ্টি হওয়ায়। তারপরেও সব মিলিয়ে সিনেমাটি ভাল করছে। ‘পিকে’ই যে এই বছরের সবচেয়ে বড় হিট সিনেমা- এটা কেউ অস্বীকার করতে পারবে না।
