হলিউড ২০১৪: মৃত্যু, বিয়ে আর নগ্ন ছবি ফাঁস
মহাতারকার মহাপ্রয়াণ, তারকাদের ব্যক্তিগত ছবি ফাঁস, একটি সিনেমার প্রদর্শনী বন্ধের জন্য সাইবার হামলা - সব মিলিয়ে ২০১৪ ছিল হলিউডের জন্য বেশ ঘটনাবহুল একটি বছর।
বছরজুড়ে যে ঘটনাগুলো আলোড়ন সৃষ্টি করেছে, সেগুলোর মধ্যে শীর্ষ দশটি ঘটনা নিয়ে এ আয়োজন:
গ্রীষ্মের শুরুতেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল নতুন এক হুজুগ, যার নাম আইস বাকেট চ্যালেঞ্জ। এক বালতি বরফ পানিতে নিজেকে ভেজানোর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন হলিউডি তারকারাও।
মস্তিষ্কের জটিল রোগ এমিয়োট্রোফিক ল্যাটেরাল স্কেলেরোসিস (সংক্ষেপে এএলএস) এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং এই রোগের চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে মূলত শুরু হয় এই অভিনব চ্যালেঞ্জ।
এতে অংশ নেন সেলেনা গোমেজ থেকে শুরু করে বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেমস ফ্র্যাঙ্কো, রিহানা, জেনিফার অ্যানিস্টন, ম্যাট ডেমন, হ্যারি স্টাইলস, কিম কারদাশিয়ান, অলিভিয়া ওয়াইল্ড, গায়িকা কেলি ক্লার্কসন, নিকোলাস হল্ট, ক্রিস্টেন স্টুয়ার্টসহ আরও অনেকে।
বার্লিন চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কোন তারকা কিভাবে নিজেদের উপস্থাপন করলেন সেদিকেই যখন চোখ সবার, ‘ট্রান্সফরমারস’ খ্যাত অভিনেতা শিয়া লাবেউফ তখন ঘটালেন অদ্ভূত এক কাণ্ড। একটি খয়েরি রং-এর কাগজের মোড়কে মুখ ঢেকে হাজির হলেন তিনি, যার ওপর লেখা ছিল, ‘আমি আর বিখ্যাত নই’।
এরপর নিউ ইয়র্কের স্টুডিও ফিফটি ফোরে ‘ক্যাবারে’ নাটকটি চলাকালীন উঠে দাঁড়িয়ে মঞ্চের কলা-কুশলীদের উদ্দেশ্য করে চিৎকার করেন লাবেউফ। এ সময় তাকে থিয়েটার ত্যাগ করতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
ক্যালিফোর্নিয়ার শারম্যান ওকস এলাকায় একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় মুত্রত্যাগ করার সময় ধরা পড়ে সেখানে চিরজীবনের জন্য নিষিদ্ধ হন এই তারকা।
এছাড়াও ফেব্রুয়ারিতে এক পারফমর্্যান্স আর্ট ক্যাম্পের আয়োজন করেন লাবেউফ। মাস কয়েক পর অভিযোগ করে বসেন, প্রদর্শনী চলাকালীন এক নারীর দ্বারা ধর্ষিত হয়েছেন তিনি।
জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের সম্পর্কের ভাঙ্গা-গড়া এখন আর নতুন কোনো বিষয় নয়। বছরের শুরুতে বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পর অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দেখা যাচ্ছিল গোমেজকে। যা একদমই সহ্য হয়নি বিবারের।
এমনই সময়ে ব্লুমের সঙ্গে দেখা হয়ে যায় বিবারের, শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে বিবারকে ঘুষি মারেন ব্লুম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে দুজনের ভক্তদের লড়াই।
চলতি বছরের অস্কার অনুষ্ঠান ছিল নাটকীয়তা পরিপূর্ণ। উপস্থাপক এলেন ডিজেনারেসের উপস্থিতিতে যোগ করেছিল ভিন্ন মাত্রা। তবে তার সবচেয়ে বড় সাফল্য ছিল বড় বড় তারকাদের সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দেওয়া। অনুষ্ঠানে সান্ধ্য পোশাকে সুসজ্জিত তারকাদের পিৎজা খাওয়ানো থেকে শুরু করে সেলফি তুলে রীতিমতো ইতিহাসই তৈরি করেন ডিজেনারেস।
এ বছরই দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী গিনেথ প্যালট্রো এবং ‘কোল্ডপ্লে’র গায়ক ক্রিস মার্টিন। চলতি বছরের মার্চে নিজের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে চমকে দেন প্যালট্রো।
অবশ্য স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বেশিদিন একা থাকতে হয়নি মার্টিনকে। কিছুদিন পরই শোনা যায়, জেনিফার লরেন্সের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সেই প্রেমও টেকেনি চার মাসের বেশি ।
বিশ্বব্যাপী ভক্তদের কাঁদিয়ে এ বছর চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা রবিন উইলিয়ামস। চলতি বছর অগাস্টে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তদন্তে বেরিয়ে আসে আত্মহত্যা করেছেন তিনি। আরও জানা যায় দীর্ঘ দিন ধরে হতাশা আর আসক্তির সঙ্গে লড়ছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এ বছরই হলিউডের সবচেয়ে বিবাহযোগ্য পুরুষের তকমা নিজের গা থেকে খুলে ফেললেন জর্জ ক্লুনি। যিনি ঘোষণা দিয়ে আসছিলেন বিয়ের পথ মাড়াবেন না, তিনিই আংটি পড়ালেন লন্ডনভিত্তিক লেবানিজ আইনজীবী আমাল আলামুদ্দিনের হাতে। অল্প কয়েক দিনের প্রেমের পর এপ্রিলে বাগদান সারেন এই জুটি।
ছয় মাস পর ইতালির রোমে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের আসরে গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি থাকলেও হলিউডের নামী দামী তারকাদের কমতি ছিল না।
পুরো বিশ্ব তখনও অপেক্ষায় দিন গুনছে, কবে আসবে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের ক্ষণ। কিন্তু সবার জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিয়ে গোপনেই শুভকাজটি সেরে ফেললেন পিট-জোলি।
সাত বছর প্রেমের পর ২০১২ সালে বাগদান সারেন ছয় সন্তানের অভিভাবক পিট-জোলি। এরপর থেকে শুরু হয় তাদের বিয়ের দিন গোণা। অবশেষে চলতি বছরের অগাস্টে ফ্রান্সের শ্যতু মিরাভালে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা।
বছর শেষে শুধু হলিউড নয়, যে ঘটনাটি কাঁপিয়ে দিল পুরো যুক্তরাষ্ট্রকেই, তা হল প্রযোজনা সংস্থা সনি পিকচার্সের ওপর উত্তর কোরীয় হ্যাকারদের সাইবার হামলা। আর এ হামলার কারণ ছিল ছিল সেথ রোগানের রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা ‘দ্য ইন্টারভিউ’। হ্যাকার সংগঠন ‘দ্য গার্ডিয়ান অফ পিস’ দাবি করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে নিয়ে বানানো এই বিদ্রুপাত্মক সিনেমার প্রদর্শিত হলে একের পর এক হামলা চলতেই থাকবে সনির ওপর। যুক্তরাষ্ট্র ঘটনাটিকে চিহ্নিত করে রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর হুমকি হিসেবে এবং খোদ বারাক ওবামা পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেন এফবিআইকে।
হামলার ভয়ে প্রথমে সিনেমাটির মুক্তি স্থগিতই করে দেয় সনি। প্রেসিডেন্ট ওবামা মোটেও সুনজরে দেখেননি সনির এই সিদ্ধান্তকে। গণমাধ্যম এবং সরকারের চাপেই শেষ পর্যন্ত সীমিত পরিসরে সিনেমাটি মুক্তি দেয় তারা। পাশাপাশি অনলাইনেও সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই অনলাইনে আয়ের নতুন রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। শেষ খবর পাওয়া পর্যন্ত সেথ রোগান ও জেমস ফ্র্যাঙ্কো অভিনীত সিনেমাটির আয় কেবল অনলাইনেই ছাড়িয়ে গেছে কোটি ডলার।
বছরের সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল ১০০ জনেরও বেশি নারী তারকার ব্যক্তিগত ছবি ফাঁস হওয়া। এদের মধ্যে ছিলেন জেনিফার লরেন্স, কিম কারদাশিয়ান, সেলেনা গমেজ, কেট আপটনসহ আরও অনেক তারকা।
এই ঘটনায় ভুক্তভোগী প্রত্যেক তারকা ব্যবহার করতেন অ্যাপলের আইক্লাউড অ্যাপ্লিকেশনটি যেখানে নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ছবি সংরক্ষণ করা যেত। কিন্তু আইক্লাউডের পাসওয়ার্ড ভেঙ্গে ছবিগুলো নিজেদের দখলে নেয় হ্যাকাররা।
এ বিষয়টিকে ‘যৌন অপরাধ’ হিসেবে অভিহিত করেন ক্ষুব্ধ লরেন্স। অনেকে ছবি ফাঁসের বিষয়টি স্বীকার না করলেও বেশ কয়েকজন অভিনেত্রী এ বিষয়ে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানান। অন্যদিকে এ বিষয়ে সরব হওয়ায় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের ছবি ফাঁস করার হুমকি দেয় হ্যাকাররা।
