‘পিকে’র প্রদর্শনী বন্ধে হলে হামলা
মুক্তির পরপরই ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হওয়া ‘পিকে’ সিনেমার বিরেূদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে আগ্রা এবং ভোপালের উগ্র হিন্দুবাদী সংগঠনগুলো। রবিবার সন্ধ্যায় আগ্রার এক সিনেমা হলে হামলা চালিয়ে আমির খান অভিনীত সিনেমাটির প্রদর্শনী বন্ধের চেষ্টা করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাঙ্গ দল নামের মৌলবাদী দুটি সংগঠন।
আমির খানকে দ্বিমুখী চরিত্রের অধিকারী হিসেবে উল্লেখ করে তাকে পাকিস্তানে পাঠানোর দাবি তোলা এই দুই সংগঠন যৌথভাবে হামলা চালায় আগ্রার শ্রি টকিজ সিনেমা হলে; ১৯শে ডিসেম্বর থেকে যেখানে ‘পিকে’র নিয়মিত প্রদর্শনী হচ্ছে। বাজরাঙ্গ দলের মুখপাত্র মদন শর্মা এবং বিশ্ব হিন্দু পরিষদের রাজেন্দ্র গার্গের অভিযোগ, ‘পিকে’তে আমির খান হিন্দু দেবদেবীদের অবমাননার মাধ্যমে গোটা সনাতন ধর্মেরই অপমান করেছেন।
হল কর্তৃপক্ষ এর মধ্যেই এ ব্যাপারে একটি মামলা করেছে। পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ ব্যাপারে তারা ব্যাবস্থা গ্রহণ করবে।
একই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালেও। সেখানে জ্যোতি সিনেমা হলে রবিবার ‘পিকে’র প্রদর্শনী বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে বাজরাঙ্গ দল। সংগঠনটির সভাপতি কামলেশ ঠাকুর বলেছেন, সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে অচিরেই তারা আবেদন করবেন প্রাদেশিক সরকারের কাছে।
মহারানা প্রতাপ নগরের পুলিশ মহাপরিদর্শক আরভিন্দ খারে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, “সিনেমা হলের সামনে যারা বিক্ষোভ মিছিল করছিলেন, তাদেরকে থামানো হয়েছে। তাদের সঙ্গে কোন দুর্ব্যবহার করা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।”
মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়া ‘পিকে’ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এর মধ্যেই ‘পিকে’কে নিষিদ্ধের দাবি জানিয়ে ‘#ব্যানপিকে’ হ্যাশট্যাগের প্রচলন ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। ওদিকে ‘পিকে’র পক্ষে আওয়াজ তুলে ‘#উই সাপোর্ট পিকে’ হ্যাশট্যাগও ছড়িয়ে পড়েছে ব্যপকভাবে।
রাজকুমার হিরানির বিদ্রুপাত্মক এই কমেডি সিনেমায় তুলে ধরা হয়েছে ভারতে ধর্মের নামে কপটতা আর ধর্মগুরুদের লোক ঠকানোর ব্যবসা। সিনেমায় আমির খানের পাশপাশি আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা এবং সুশান্ত সিং রাজপুত। সিনেমার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি।
বোমান ইরানি ‘পিকে’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার জবাবে বলেন, “মানুষ আমাদের সঙ্গে একমত হতে পারে আবার এই মতের বিরূদ্ধেও যেতে পারে। কিন্তু তাদেরকে ‘পিকে’র ধারণাকে সম্মান জানাতে হবে; কারণ আমরাও তাদের ধারণাকে সম্মান জানাচ্ছি।”
উগ্র হিন্দুবাদীরা আপত্তি তুললেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ্য নেতা এল কে আদভানি ‘পিকে’কে অভিহিত করেছেন ‘অসাধারণ এবং সাহসী’ একটি সিনেমা হিসেবে।
আলোচনা, সমালোচনা সত্বেও বক্স-অফিসে ‘পিকে’র ব্যবসা করছে দাপটের সঙ্গেই। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই দেশের অভ্যন্তরে সিনেমাটির আয় ছাড়িয়েছে দুইশ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। ট্রেড পণ্ডিতেরা আশা করছেন খুব দ্রুতই সিনেমাটির আয় ছাড়িয়ে যাবে ৫০০ কোটি রুপি।
