তারেক মাসুদ উৎসবে চলচ্চিত্র প্রতিযোগিতা
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয় তারেক মাসুদ উৎসব। শনিবার সন্ধ্যায় উৎসবের শেষ দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার।
সারাদেশ থেকে এই প্রতিযোগিতায় জমা পড়ে মোট ৩৬টি শর্টফিল্ম, এর মধ্যে বাছাই করা সেরা ১০টি শর্টফিল্ম দেখানো হয় সেদিন। প্রদর্শনী শেষে স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সনদ দেওয়া হয়েছে ১০ তরুণ নির্মাতাকে। এছাড়া সেরা তিনজন পেয়েছেন তারেক মাসুদ ইয়াং ফিল্মমেকারস অ্যাওয়ার্ড।
শর্টফিল্মগুলোতে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা থেকে শুরু করে উঠে এসেছে যৌন হয়রানি, এসিড সন্ত্রাসসহ সমাজের নানা ধরনের জীবনযুদ্ধের গল্প।
প্রতিযোগিতার প্রথম পুরস্কার পান জাহিদ গগন, তার ফিল্ম ‘আ বুক বিহাইন্ড দ্য শুজ’-এর জন্য। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন এমএম শাওন এবং মিতালি রায় ‘অফলাইন’ এবং ‘চামেলি’র জন্য।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ভূমিকা রেখেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির।
এদিন অনুষ্ঠান শুরু হয় বয়াতির পুঁথিপাঠের মাধ্যমে। এরপর পালাগান পরিবেশনা করেন লোকশিল্পীরা। তানভীর আলম সজীবও কয়েকটি গান শোনান। লেখক ও সাংবাদিক সাজ্জাদ শরীফ স্মারক বক্তৃতা দেন।
ছবি কৃতজ্ঞতা: তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
