আবার মঞ্চে ‘বাংলা’
তারেক মাসুদ উৎসব-এর মঞ্চে দীর্ঘদিন পর আবারও গাইতে দেখা গেলো বাংলা ব্যান্ডকে। তাদের গান নিয়ে তারেক মাসুদ নির্মিত ‘কানার হাটবাজার’ মিউজিক ভিডিওটি দেখানো হলো প্রথমবারের মতো।
তারেক মাসুদ মিউজিক ভিডিও ‘কানার হাটবাজার’ নির্মাণ শুরু করেন ২০০৭ সালে। ক্যামেরার পেছনে ছিলেন মিশুক মুনীর। তারা দুজনই জীবনের ওপারে। এরই মধ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ প্রতিষ্ঠা করেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানটি মূলত তারাই আয়োজন করে। তাদের সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক রোকেয়া প্রাচী উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে আহবান করেন ক্যাথরিন মাসুদকে।
ক্যাথরিন মাসুদ জানান, “তারেক মাসুদ উৎসবপ্রিয় মানুষ ছিলেন। তাই তাকে অন্য মাত্রায় স্মরণ করার চেষ্টা করছি তারই কাজ প্রদর্শন ও আরও নানা আয়োজনের মাধ্যমে।”
ব্যান্ডের সাবেক সদস্য আনুশেহ আনাদিল বললেন, ‘বাংলা’র অনেক স্মৃতি জড়িয়ে আছে তারেক মাসুদের সঙ্গে।
কান্নাজড়িত কণ্ঠে ‘তারেক মামা’র স্মৃতিচারণ করলেন আনুশেহ। বললেন, অস্থির সময়ে কীভাবে স্থির থাকা যায় তারেক মাসুদ তার উদাহারণ তৈরী করেছেন ‘মাটির ময়না’ চলচ্চিত্রটির মাধ্যমে।
মঞ্চে তার পাশেই ছিলেন অর্ণব, বুনো, নজরুল। পেছনে ড্রামস নিয়ে বসেছিলেন তারেক এবং গিটারে কার্তিক।
তার সঙ্গে কণ্ঠ মেলালেন তানভীর আলম সজীব।
বাংলার সদস্যদের সঙ্গে তানভীর ছাড়াও আরও ছিলেন সেথ পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ।
তারেক মাসুদের বেশ কিছু গানের সংগীতায়োজন থেকে শুরু করে সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন তানভীর। বহুমুখী মার্কিন যন্ত্রশিল্পী পান্ডু আনুশেহর নতুন ব্যান্ড বাহক-এ বাজাচ্ছেন।
এরপর তারা গাইলেন, লালন সাইয়ের ‘কে বোঝে মাওলার আলেকবাজী’, তারেক মাসুদের ‘যদি বেহেস্তে যাইতে চাও গো’।
তিনটি গানের পর গাইলেন ‘সহজ মানুষ’। গানটির পরিবেশনায় অমুল পরিবর্তন সম্ভবত সজীবের চেষ্টাপ্রসূত। গানটি আনুশেহর গাওয়া হলেও, মঞ্চে গাইলেন সজীব। গিটার সংযোজনে সজীব গানটিতে দিয়েছেন অন্যরকম আমেজ। বুনোর সঙ্গে গিটারে ব্যাকআপ দিচ্ছিলেন তখন পন্ডু।
তাদের পরিবেশনা শেষ হতেই ‘কানার হাটবাজার’ উপভোগ করলেন শিল্পকলা একাডেমির নাট্যশালার প্রধান হলভর্তি দর্শক।
এদিন আরও দেখান হয় তারেক মাসুদের শেষ চলচ্চিত্র ‘রানওয়ে’ নির্মাণের নেপথ্যচিত্র ‘স্মৃতিকথার রানওয়ে’ এবং তার প্রথম প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’-এর ডিভিডি প্রকাশ করা হয়।
দ্বিতীয়বারের মতো আয়োজিত উৎসবটি দুদিনের। শনিবার বিকাল ৩টা থেকে তারেক মাসুদের গান নিয়ে আলাদা আসর বসে। এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিল স্মারক বক্তৃতা।
ছবি কৃতজ্ঞতা: তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও জাকি।
