শুভ্র দেবের নতুন অ্যালবাম ‘জলছবি’
সংগীত জীবনের তিন দশক পার করেছেন শুভ্র দেব। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার ২৬তম একক অ্যালবাম ‘জলছবি’। ছয়টি মেলোডি ধাঁচের রোমান্টিক গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি।
অ্যালবামটির প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই গ্লিটজের কথা হয় এই শিল্পীর সঙ্গে। বললেন, বাংলা গানের বাজার ক্রমেই পড়ে যাওয়ায় ‘আতঙ্কিত’ বোধ করেন তিনি।
শুভ্রদেবের সবশেষ একক অ্যালবাম ‘দিও না পরাণে যাতনা’ প্রকাশিত হয় ২০১০ সালে।
অনলাইনে বাংলা গান সহজলভ্য হয়ে পড়ায় শিল্পীরা ন্যায্য সম্মানী থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন শুভ্র দেব। একই সঙ্গে বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দিকে আঙ্গুল তোলেন তিনি, “টেলিকম কোম্পানিগুলো শিল্পীদের প্রাপ্য সম্মানী দিচ্ছে না”।
বাংলা গানের বাজার পড়ে যাওয়ার কারণ হিসেবে শুভ্র দেব বলেন, “পরিকল্পনামাফিক গান আসছে না। যে যার মতো করে গান তৈরি করছে, বাজারে ছাড়ছে। শ্রোতারা এতে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে।”
অনেকদিন ধরেই প্লেব্যাকে অনুপস্থিত শুভ্র দেব। প্লেব্যাকের প্রতি ‘অনীহা’র কারণ হিসেবে তিনি বলেন, “চলচ্চিত্রে যে ধরনের গান হওয়া প্রয়োজন সে ধরনের গান হচ্ছে না। এছাড়া শিল্পী সম্মানীও যথেষ্ট নয়। সবকিছু মিলিয়ে আমি বিরক্ত।”
তবে এখনই হাল ছাড়তে নারাজ শুভ্র দেব বললেন, “আমাদের সবার এখন একযোগে কাজ করতে হবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই মিলে ভালো গান তৈরি করতে হবে।”
জানালেন, ‘জলছবি’ অ্যালবাম থেকে প্রাপ্ত অর্থ তিনি পথশিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যয় করবেন।
আরও বললেন ১৯৮৪ সালে তার প্রথম একক অ্যালবাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’র পর প্রকাশিত ২৫টি অ্যালবাম থেকে বাছাইকৃত গান নিয়ে ‘গোল্ডেন কালেকশন’ নামে একটি অ্যালবাম প্রকাশ করবেন।
শুভ্র দেবের ‘জলছবি’ অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন।
