বক্স-অফিসে ঠাণ্ডা ‘অ্যাকশন জ্যাকসন’
কমতি ছিল না কোনো মশলার। অজয় দেবগনের মতো অ্যাকশন হিরো, সোনাক্শি সিনহা, ইয়ামি গৌতম এবং আবেদনময়ী নবাগতা মানাসভি মামগাই আর সেই সঙ্গে অ্যাকশনের ফাঁক ফোকড়ে গুজে দেওয়া কমেডি ও নেচে ওঠার মতো গান। তারপরও ‘অ্যাকশন জ্যাকসন’ দর্শক মাতাতে পারেনি।
সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়ার আশা হয়তো খোদ পরিচালক প্রভু দেবাও করছিলেন না। তারাও কর্তব্য পালেন পিছু হঠেননি - দুর্বল কাহিনি এবং তার চাইতেও দুর্বল চিত্রনাট্যের তকমা দিয়েছেন।
শুক্রবার ভারতব্যাপী তিন হাজার পর্দায় মুক্তি পায় 'অ্যাকশন জ্যাকসন'। প্রথম দিনে সিনেমাটি আয় করে ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করে। পরিবেশকরা বলছেন, "দুদিনে ১৯ কোটি রুপি আয় করেছে এটি। এর বাজেট ছিল ৭৫ কোটি, সেই অনুযায়ী সিনেমাটির আরও ভালো করা উচিৎ ছিল। যারা প্রভু দেবার সিনেমা পছন্দ করেন তারাই সিনেমাটি দেখতে গেছেন, তাও সবাই নয়।"
'রাউডি রাথোড়', 'আর...রাজকুমার' - এর মতো লোকরঞ্জক সিনেমা বানানোর জন্য খ্যাতি রয়েছে দক্ষিণী নায়ক ও পরিচালক প্রভু দেবার। তবে 'অ্যাকশন জ্যাকসন' - জনসাধারণকেও আকৃষ্ট করতে পারছে না বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
