'বটগাছটি উপড়ে গেল'
"বড় ভালো লোক ছিলেন অভিনেতা খলিল। আমাদের মাথার ওপর তিনি ছিলেন বটগাছের মতো। তার ছায়ায় এসে আমরা ঋদ্ধ হয়েছি বহুবার। আজ সেই মানুষটি চলে গেলেন। তার মৃত্যুতে বটগাছটি যেন উপড়ে ফেলা হয়েছে।”
প্রয়াত অভিনেতা খলিল উল্লাহ খানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন আরেক কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান ও অভিনেতা, পরিচালক আমজাদ হোসেন। প্রিয় বন্ধুর নানা স্মৃতি মনে করে কান্নায় ভেঙ্গে পড়লেন দুজনে।
পরিচালক আমজাদ হোসেন বললেন, অভিনেতা খলিল ছিলেন ‘আপাদমস্তক ভালো মানুষ’। তার মতে, খলিলের শূন্যস্থান কেউ কখনও পূরণ করতে পারবে না।
রোববার সকালেই চলচ্চিত্রাঙ্গনে খবর ছড়িয়ে পড়ে অভিনেতা খলিল আর নেই। তার মৃত্যু সংবাদে দুপুর থেকেই বিএফডিসিতে আসতে শুরু করেন তার সহ-অভিনেতা ও পরিচালকরা। শুটিং বন্ধ করে চলে এসেছিলেন মিশা সওদাগরের মতো তারকারা।
অভিনেতাকে সম্মান জানাতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব মরতুজা আহমদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, “রাষ্ট্র থেকে যে ধরনের সহযোগিতা ও সম্মান তাকে দেয়া প্রয়োজন ছিল আমরা সেই সম্মানটুকু তাকে দিতে পেরেছি। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ জাত শিল্পী। তার মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরন করা সম্ভব নয়। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে একজন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”
তরুন প্রজন্মের জন্য খলিল অভিনীত চলচ্চিত্র ও টেলিভিশন নাটকগুলো সংরক্ষণ করতে যথাযথ কতৃপক্ষের প্রতি আহ্বানও জানান মন্ত্রী।
তাদের স্মৃতিচারণার মধ্যেই বিকাল সাড়ে তিনটায় পঞ্চাশ বছরের কর্মস্থল বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব চত্বরে নিয়ে আসা হয় খলিলের মরদেহ।
প্রয়াত অভিনেতা শেষ বিদায় জানাতে এসেছিলেন রাজ্জাক, আলমগীর, কাজী উজ্জ্বল, ববিতা, সৈয়দ হাসান ইমাম, গাজী মাজহারুল আনোয়ার, ওমর সানি, হেলাল খানসহ অনেকে। শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি। আরও শ্রদ্ধা নিবেদন করেছে খলিলের একসময়ের কর্মস্থল আনসার-ভিডিপির সদস্যরাও।
জানাজা শেষে অভিনেতা রাজ্জাক বলেন,“ তার মতো মানুষ আমি দেখিনি। সাহসী খলিল কখনো মিথ্যাকে ভয় পেতেন না। আপাত দৃষ্টিতে গম্ভীর মনে হলেও আসলে তিনি খুব রসিক মানুষ ছিলেন।”
‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘বাঁদি থেকে বেগম’সহ বেশকটি চলচ্চিত্রে খলিলের সহ-অভিনেত্রী ববিতা বলেন, “তিনি আমার এত প্রিয়, এত আপনার মানুষ ছিলেন, কি বলবো তার কথা! তার সঙ্গে ছিল আমার আত্মার সম্পর্ক। অসুস্থ অবস্থাতেও তিনি আমাকে প্রায়ই ফোন করতেন। তার সঙ্গে আমার অনেক স্মৃতি যেগুলো আসলে বলে শেষ করা যাবে না।”
আলমগীর বলেন, “পৃথিবীর নিয়মে সবাইকে চলে যেতে হয়। তার এই চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না।”
প্রবীন অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, “তিনি যখন যে চরিত্রে অভিনয় করতেন। সেগুলোকে এমন পর্যায়ে নিয়ে যেতেন যে মনে হতো এই চরিত্রগুলো তার জন্যই সৃষ্টি করা হয়েছে। শিল্পী কখনো তৈরি হয় না। খলিল শিল্পী হিসেবেই জন্মগ্রহন করেছেন।”
