২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারস্টেলার: দুর্বোধ্যতার ওপারে সিনেমার জাদু

ভালবাসার অর্থ কি? সাহিত্যে, শিল্পে, কিংবা সবচেয়ে তরুণ কিন্তু শক্তিশালী শিল্পমাধ্যম চলচ্চিত্রেও এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে অনেক বার। নিজের নতুন সিনেমা ক্রিস্টোফার নোলানও এর এক অন্যরকম জবাব দিয়েছেন।  

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 09:17 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

“ভালবাসা এমন এক জিনিস, যেটা আমরা তৈরি করিনি। আমরা কেবল এটাকে পর্যবেক্ষণ করতে পারি। এটা শক্তিশালী, এর অবশ্যই একটা মানে আছে। হয়তো এর অর্থ অনেক ব্যাপক, যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। হয়তো, এটা কোনো কিছুর প্রমাণ... এমন কোনো উচ্চমাত্রার নিদর্শন যেটা হয়তো আমরা আমাদের এখনকার জ্ঞান দিয়ে বুঝতে পারবো না। ভালবাসা হলো আমাদের ভেতরে থাকা সেই জিনিস, যেটা স্থান এবং কাল- দুটোকেই ছাড়িয়ে যায়।”

না। 'ইন্টারস্টেলার' প্রেমের সিনেমা নয়। তবে এটা নিছক একটা সাই-ফাই থ্রিলারও নয়। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার নিরন্তর লড়াইয়ের গল্প বলে সিনেমাটি। প্রায় তিন ঘণ্টার এই সিনেমা তাই কল্পকাহিনির বলয় ভেদ করে ছুঁয়ে যায় মানবতার সবচেয়ে মহান স্তরকে। বরাবরের মতোই দর্শককে ভাবিয়ে তোলার পুরো আয়োজনই করেছেন নোলান। 

‘ইন্টারস্টেলার’ এমন এক সময়ের গল্প বলে যখন পৃথিবী আর সুজলা-সুফলা-শস্য-শ্যামলা নয়। পৃথিবীর নিষ্ফলা প্রান্তরে বারবার আঘাত হানে প্রচণ্ড ধূলিঝড়। মানুষ ফিরে গেছে কৃষিভিত্তিক সমাজব্যবস্থায়। আর প্রযুক্তিগত উন্নয়নের পেছনে অর্থ বিনিয়োগ হয়ে দাঁড়িয়েছে বাজে খরচ। 

এমনই এক সময়ে নাসার সাবেক পাইলট এবং অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার জোসেফ কুপারের বাড়িতে ঘটে যায় এক অদ্ভূত ঘটনা। একটি ঘরে তারা আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ বলয় যার মাধ্যমে বাইনারি সংকেতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কেউ। নাসার পরিত্যক্ত আর্কাইভের খোঁজে বেরিয়ে পড়েন কুপার, যেখানে তার দেখা হয় প্রফেসর জন ব্র্যান্ডের সঙ্গে।

বৃদ্ধ এই বিজ্ঞানী কুপারকে বলেন, নাসা এখনও গোপনে চালিয়ে যাচ্ছে তাদের মহাকাশ গবেষণা। চল্লিশ বছর আগে তারা খোঁজ পেয়েছিলেন এক ওয়ার্মহোলের। তাদের মতে শনি গ্রহের বলয়ের কাছে হঠাৎ করে তৈরি হওয়া এই ওয়ার্মহোলটির মাধ্যমেই পৌঁছে যাওয়া সম্ভব গার্গেনচুয়া নামের অন্য গ্যালাক্সিতে অবস্থিত এক বিরাট কৃষ্ণগহ্বরের কাছে, যেখানে আছে মানুষের বসবাসের সম্ভাবনাযুক্ত তিনটি গ্রহ। চল্লিশ বছর আগেই সেই তিন গ্রহের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তিন মহাকাশচারী মিলার, এডমান্ডস আর মান। এখন সময় এসেছে তাদের খুঁজে বের করার এবং দ্রুত বসবাসের অযোগ্য হয়ে পড়তে থাকা পৃথিবী ছেড়ে সেই তিন গ্রহের একটিতে নতুন করে মানববসতি স্থাপনের। ব্র্যান্ড কুপারকে প্রস্তাব দেন তাদের এই ‘ল্যাজারাস মিশনে’ যোগদান করার। নিজের দুই সন্তানকে পেছনে ফেলে প্রাণিবিদ অ্যামেলিয়া ব্র্যান্ড, ভূতাত্ত্বিক ডয়েল, পদার্থবিদ রোমিলি এবং দুই রোবট টার্স ও কেইসকে নিয়ে ‘এনডিউরেন্স’ নামের মহাকাশযান নিয়ে কুপার শুরু করে এক অনিশ্চিত যাত্রা। আর এখান থেকেই আসলে শুরু ‘ইন্টারস্টেলার’-এর গল্প।

ইন্টারস্টেলার- শব্দটির আক্ষরিক অর্থ এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যাত্রা করা। এমন একেকটি যাত্রায় আসলে সময় লেগে যাওয়ার কথা শতকোটি আলোকবর্ষ। কিন্তু ওয়ার্মহোলের মাধ্যমে সেই যাত্রা কম সময়েই সম্পন্ন করা যায়। কারণ এই একটি জায়গাতেই সময়ের বিপরীতে দুটি স্থানের বিশাল দূরত্বকে সংকুচিত করে আনা সম্ভব। যার ফলে অনতিক্রম্য দূরত্বও পার করা সম্ভব।

নোলান চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ১৬ বছর আগে। ‘ফলোইং’ নামের স্বল্প বাজেটের, স্বল্প পরিসরের সেই সিনেমার পর সাইকোলজিকাল থ্রিলার ‘মেমেন্টো’ তাকে খ্যাতি এনে দেয়। এরপর এক এক করে ‘ইনসমনিয়া’, ‘ডার্ক নাইট’ সিরিজ, ‘প্রেস্টিজ’ আর ‘ইনসেপশন’- নোলানের নির্মাতাজীবনের একেকটি মাইলফলক।

‘মেমেন্টো’ থেকেই মানুষের মনোজগতের গহীনতর ক্ষেত্রে নোলানের বিচরণ। সুপারহিরো ব্যাটম্যানকে একদম নতুন আঙ্গিকে তুলে আনার সিরিজ ‘ডার্ক নাইট’-এ নোলান দেখিয়েছেন মানুষ কিভাবে অতিমানব হয়ে ওঠে, কিন্তু তারপরও ত্রুটি তাকে ছেড়ে যায়না। ‘প্রেস্টিজ’-এ নোলান বাস্তব আর কল্পনার জগতে মানুষের সক্ষমতার সীমা যাচাই করেন। ‘ইনসেপশন’-এ তিনি তৈরি করলেন এক নতুন জগত; যেখানে বাস্তব আর পরাবাস্তবের ভেদ গেল ঘুঁচে। 

প্রতিবারই নোলান স্বকীয় ভঙ্গীতে মানুষের ক্ষমতার জয়গান গেয়েছেন। সেদিক থেকে দেখলে ‘ইন্টারস্টেলার’- এ নিজেকেই ছাঁড়িয়ে গেছেন এই পরিচালক। ‘ইন্টারস্টেলার’ নোলানের সেই ওয়ার্মহোল, যার মধ্য দিয়ে মানুষকে নিয়ে তার স্বপ্নকে পৌঁছে দিয়েছেন সর্বোচ্চ চূড়ায়। আর তাই সিনেমাটি হয়ে দাঁড়ায় তার নির্মাতাজীবনের ম্যাগনাম ওপাস।

‘ইন্টারস্টেলার’-এ নোলান যা দেখিয়েছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ের চিত্রায়ন নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। অনেকেই দাবি করেছেন, যেভাবে নোলান আন্তঃমহাজাগতিক ক্ষেত্রে এনডিউরেন্সের অভিযাত্রাকে দেখিয়েছেন, তাত্ত্বিকভাবে তা সম্ভব নয় মোটেই। বিশেষ করে কৃষ্ণগহ্বরের ভেতরে কুপারের পড়ে যাওয়া, সময়কে স্থানের মতোই বস্তুগত মাত্রায় দেখানো কিংবা সেখান থেকে মার্ফকে কেবলমাত্র বাইনারি কোডের মাধ্যমে মহাজগতে মানুষের বেঁচে থাকার সূত্র খুঁজে বের করার তথ্য-উপাত্ত পাঠানোর বিষয়গুলো অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। সিনেমা শেষে হল তাই বিস্ময়ের সঙ্গে বিভ্রান্তি সঙ্গী হয়েছে অনেকেরই।

তবে ‘ইন্টারস্টেলার’ যে অভিযাত্রার গল্প বলে, সেখানে সত্যিকার অর্থেই কী হওয়া সম্ভব আর কি নয়- সেটা এখনও পর্যন্ত মানুষ জেনে উঠতে পারেনি। এই ক্ষেত্রে বিজ্ঞানের যে সকল ধারা (কোয়ান্টাম ফিজিক্স, আপেক্ষিকতার সূত্র, নিউটনের মাধ্যাকর্ষণের সূত্র এবং সর্বোপরি মহাকাশবিজ্ঞান) কাজ করছে, সেখান থেকে এখনও পর্যন্ত এসব প্রশ্নের উত্তর মানুষ কেবল কল্পনাই করেছে। প্রশ্নগুলোর উত্তরের সম্ভাব্যতা যাচাইয়ের সুযোগ এখনও বিজ্ঞান কিংবা প্রযুক্তির সামনে পুরোপুরি আসেনি। সে কারণেই ‘ইন্টারস্টেলার’-এর দুর্বোধ্য অংশগুলিকে স্রেফ নোলানের কল্পনা বলে উড়িয়ে দেয়া যায় না।

নোলান নিজেই বলেছেন, ‘ইন্টারস্টেলার’কে পুরোপুরি বুঝতে হলে সিনেমাটি একবার দেখলে চলবে না। অন্তত তিনবার কিংবা চারবারের দর্শনে এর প্রতিটি বিষয় হয়তো আত্মস্থ করা সম্ভব। নোলান নিজে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাত্ত্বিক পদার্থবিদ কিপ স্টেফান থোর্নের সাহায্য নিয়ে। গ্র্যাভিটেশনাল ফিজিক্স এবংঅ্যাস্ট্রোফিজিক্সের এই তাত্ত্বিক সিনেমার ভিএফএক্স উপদেষ্টা হিসেবে কাজও করেছেন। তার কারণেই হয়তো, ওয়ার্মহোলের মধ্য দিয়ে এনডিউরেন্সের যাত্রা, আর মহাকাশের অংশগুলো বোধগম্যভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে।

তবে যে বিষয়টি সিনেমায় দুর্বোধ্য নয়, সেটি হল অভিনয়। অস্কারজয়ী দুই শিল্পী ম্যাথু ম্যাককনাহে এবং অ্যান হ্যাথওয়ে নিজেদের চরিত্র তুলে ধরেছেন দারুণ সফলতার সঙ্গে। নোলানের অনেকগুলি সিনেমার সহযাত্রী, সিনিয়র অভিনেতা মাইকেল কেইনও দিয়েছেন তার শতভাগ। ছোট্ট মার্ফের চরিত্রে ম্যাকেঞ্জি ফয়ও প্রমাণ দিয়েছেন তার অভিনয় দক্ষতার। ম্যাকেঞ্জি প্রথমবারের মতো আলোয় আসেন ‘টোয়াইলাইট’ সাগার শেষ দুই সিনেমার মাধ্যমে। সেবার সিনেমায় তার চরিত্রের কারণেই হোক অথবা তার নিজের অপরিপক্কতার কারনেই হোক, ম্যাকেঞ্জি ছায়া হয়েই ছিলেন। তরুণী মার্ফের চরিত্রে জেসিকা চ্যাস্টেইনের অভিনয়ও প্রমাণ করে শিল্পী হিসেবে তিনি কতোটা শক্তিশালী। ডক্টর মানের চরিত্রে সংক্ষিপ্ত কিন্ত সফল অভিনয় করেছেন ম্যাট ডেমনও।

হ্যান্স জিমারের নেতৃত্বে সিনেমার আবহ সংগীতও ছিল যথাযথ। 

নোলানের পরিচালনা নিয়ে প্রশ্নের কোনো অবকাশই ছিল না। আইএমডিবিতে সিনেমার রেটিং ৮.৯ আর মেটা ক্রিটিকে ৭৪ শতাংশ রেটিং প্রমাণ করে সমালোচক এবং দর্শক - দুই মহলেই গ্রহণযোগ্যতা পেয়েছে সিনেমাটি।

কাজেই নোলানের ভক্ত না হলেও সিনেমাটি দেখে নিতে কোনো ক্ষতি তো নেই, বরং লাভই হবে।