ঢাকায় সুইস চলচ্চিত্র উৎসব
তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইস চলচ্চিত্র উৎসব। সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্যেটে ইনস্টিটিউটের যৌথ আয়োজনে রোববার থেকে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী এই উৎসব।
রোববার সন্ধ্যা ছয়টায় গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেরোলিন ট্রটউইলার।
সুইজারল্যান্ড দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড কমিউনিকেশন অফিসার খালেদ ইকবাল চৌধুরী গ্লিটজকে জানান, বাংলাদেশের তরুণ সিনেমাপ্রেমীদের কথা ‘মাথায় রেখে’ এবারের উৎসব সাজিয়েছেন তারা।
বিগত দুটি উৎসবের উদাহরণ টেনে তিনি বলেন, “বিগত আসরগুলোতে আমরা দেখেছি, সুইস চলচ্চিত্র নিয়ে তরুণদের আগ্রহ রয়েছে। তাদের কথা ভেবে সুইজারল্যান্ডে সাম্প্রতিক সময়ের সেরা তিনটি চলচ্চিত্র নিয়ে উৎসবটি সাজিয়েছি। চলচ্চিত্রগুলোত সমকালীন ইস্যুর কথা ফুটে উঠেছে।”
উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে সুইস তথ্যচিত্র ‘মোর দ্যান হানি’। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এ তথ্যচিত্রে মৌমাছির ক্রমবিলুপ্তির কথা উঠে এসেছে। উৎসবের শেষ চলচ্চিত্র ‘দ্য ফস্টার বয়’। এক অনাথ ছেলের কঠিন জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
খালেদ ইকবাল চৌধুরী জানান, এ উৎসবের সবগুলো চলচ্চিত্র জার্মান ভাষায় নির্মিত, তবে থাকছে ইংরেজি সাবটাইটেল। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
২০১২ সালে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্কের ৪০ বছর পূর্তিতে প্রথমবারের মতো সুইজারল্যান্ড দূতাবাস ঢাকায় আয়োজন করে সুইস চলচ্চিত্র উৎসব। ঢাকার বাইরে রাজশাহী এবং চট্টগ্রামেও আয়োজিত হয়েছে সুইস চলচ্চিত্র উৎসব। আগামীতে ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও চলচ্চিত্র উৎসব আয়োজনের ‘পরিকল্পনা’ রয়েছে বলে জানান খালেদ।
