২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরিয়ার্টিই বন্ডের শত্রু

শার্লক হোমসের চিরশত্রু জিম মরিয়ার্টি এবার আবির্ভূত হতে যাচ্ছেন জেমস বন্ডের শত্রু হিসেবেও। ‘বন্ড’ সিরিজের পরবর্তী সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে ‘শার্লক’ সিরিজে মরিয়ার্টি চরিত্রে অভিনয় করা আইরিশ অভিনেতা অ্যান্ড্রু স্কটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, শার্লক হিসেবে বেনেডিক্ট কাম্বারব্যাচের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও মরিয়ার্টি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন স্কট। আর তাতেই অর্জন করে নিয়েছেন ‘বন্ড’ সিরিজের খলনায়ক হওয়ার সুযোগ।

কাস্টিং ডিরেক্টরদের মতে, বন্ডের শত্রু হিসেবে অ্যান্ড্রু স্কটই যথাযথ। ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ‘শার্লক’ সিরিজে তার অপরাধের বিবরণ এবং অন্যান্য খুঁটিনাটিও যোগ করা হতে পারে সিনেমাতে।

স্কট মনে করছেন, খুব বড় একটা সুযোগ হাতে পেয়েছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিজের অভিনয়নৈপূণ্য প্রদর্শনের সুযোগটি তাই ভালোভাবেই কাজে লাগাতে চান তিনি।

‘বন্ড’ সিরিজের ২৪তম সিনেমাটির কলা-কুশলীদের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয় বুধবার। আগের তিনটি বন্ড সিনেমার মত এবারও জেমস বন্ডের ভূমিকায় থাকছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।

শার্লকের সঙ্গে জিম মরিয়ার্টির পরবর্তী দ্বৈরথের পাশাপাশি বন্ড আর স্কটের লড়াই দেখার জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে হবে আরও এক বছরেরও বেশি সময়। সিনেমাটি মুক্তি পেতে পারে ২০১৫ সালের অক্টোবরে, আর ‘শার্লক’-এর চতুর্থ সিজন প্রচারিত হবে ২০১৬ সালের জানুয়ারিতে।