কারাদণ্ডের বিরুদ্ধে ভিনার আপিল
ধর্ম অবমাননার অভিযোগে ২৬ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক এবং তার স্বামী।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, আদালতের আদেশকে ‘কঠোর’ বলে এর তীব্র সমালোচনা করেন ভিনা এবং তার স্বামী আসাদ বশির খান। তবে বিশ্বব্যাপী সমর্থন পেয়েছেন বলেও জানান তারা।
“আমরা খুবই খুশি যে পৃথিবীর সব প্রান্তেই আমাদের কথা মানুষ শুনেছে। বিভিন্ন দেশের প্রধান পত্রিকাগুলো এই ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটসও তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে।
ভিনা মালিক বলেন, “মুসলমান হিসেবে আমি ইসলামের সব রীতি-নীতিতে বিশ্বাস করি এবং নবী করিম (সা:), তার পরিবার ও সাহাবায়ে করিম আমার ও আমার স্বামীর কাছে সর্বোচ্চ সম্মানের স্থানে অধিষ্ঠিত। তাই আমরা স্বপ্নেও এমন কিছু করবো না যেটা ইসলামের জন্য অসম্মানজনক।”
ভিনা আরও বলেন, “এখন আমি দুই মাস বয়সী এক সন্তানের মা। পৃথিবীর কারও শক্তি নেই আমার সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করার। বিশ্বের প্রতিটি মানুষের কাছে আমার মানবিক আবেদন, এই অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আমাকে সাহায্য করুন।”
চলতি বছরের মাঝামাঝি সময় পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির এক অনুষ্ঠানে অংশ নেন ভিনা এবং তার স্বামী। এই অনুষ্ঠানে একটি কাওয়ালি গানের সঙ্গে নাচতে দেখা যায় এই দম্পতিকে। অনুষ্ঠানটি প্রচারের পর ভিনা, তার স্বামী, জিও টিভির মালিক এবং ঐ অনুষ্ঠানের উপস্থাপিকার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।
অবশেষে ২৬শে নভেম্বর এ চারজনের বিরুদ্ধে ২৬ বছরের কারাদণ্ড ঘোষণা করে পাকিস্তানের একটি আদালত।
