পর্দা নামলো বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের
সোমবার সন্ধ্যায় উৎসব মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়া চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে বারবার স্মরণের মাধ্যমে শেষ হলো বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪ বাংলাদেশ। উৎসবের পঞ্চম ও শেষ দিনটি মাতিয়ে রাখলেন বিদুষী কিশোরী আমোনকার, বিদুষী আশ্বিনী ভিদে দেশপান্ডে, পণ্ডিত উদয় ভাওয়ালকর, ওস্তাদ আমজাদ আলী খান ও মোহম্মদ মনিরুজ্জামান।
উচ্চাঙ্গ সংগীতের নানা ধরনের মধ্যে ধ্রুপদের চর্চা কম এবং কঠিন হওয়ায় শিল্পীর সংখ্যাও হাতে গোণা। এদের মধ্যে অন্যতম সেরা ধ্রুপদিয়া পণ্ডিত উদয় ভাওয়াল তৃতীয়বারের মতো এসেছেন এ আসরে। উৎসবের শেষ দিনে তিনি পরিবেশন করেন রাগ বেহাগ।
জলদগম্ভীর কণ্ঠে গমক কুশলতা, লয়কারী, উদারার নোট ছুয়ে তারায় স্ট্যান্ডিং, অল্পত্ব-বহুত্ব— এমন নানা প্রকারের কৌশল প্রকাশে পণ্ডিত উদয় ভাওয়ালকর এদিন পরিবেশন করেন রাগ বেহাগ। আলাপ, তান শেষ করে তিনি ধামার ও সুরতালে বন্দিশ পরিবেশন করেন। তাকে পাখওয়াজ সঙ্গত করেন প্রতাপ আওয়াদ, কণ্ঠ সহযোগিতা করেন চিন্তন উপাধ্যায়।
কথা রাখলেন। ছোট করে আলাপ শেষ করে রাগ খাম্বাজের কিছু তান শুনিয়েই ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ বাজাতে শুরু করলেন ওস্তাদ আমজাদ আলী খান। সঙ্গে সঙ্গে শ্রোতাদের জোর করতালি। ধুনের মাঝেই রাগের তান, জোড় এবং ঝালা পরিবেশন করে তিনি ভৈরবী রাগ পরিবেশনা শুরু করেন।
পরিবেশনা শেষ করেন ‘আমি তারেই খুজে বেড়াই’ গানের ধুন শুনিয়ে। তাকে তবলা সঙ্গত করেন সত্যজিৎ তালওয়ালকর এবং পাখওয়াজে পণ্ডিত ফতেহ সিং গাঙ্গানি।
উৎসবের শেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতেই বোধহয় এসেছিলেন বিদুষী কিশোরী আমোনকার। উচ্চাঙ্গসংগীতে নারীশিল্পীদের মধ্যে অন্যতম এই শিল্পীর মধুর ও মসৃণ কণ্ঠ, তানকুশলতা শ্রোতার মনে গেঁথে থাকবেই।
প্রথমবারের মতো ঢাকা সফরে এসে বিদুষী কিশোরী পরিবেশন করেন রাগ কেদার ও সুহা কানাড়া। তাকে কণ্ঠ সহযোগিতা করেন নন্দিনী বেদেকার ও তেজশ্রী বিভাস আমোনকর। তাকে তবলা সঙ্গত করেন ভারত কামাত, বেহালায় মিলিন্দ রায়কার এবং হারমোনিয়ামে ছিলেন শ্রীযোগ কুন্ডালকর।
শিষ্য ও নাতি তেজশ্রীর সঙ্গে নন্দিনীও অভাবনীয় এক সহযোগী শিল্পীর ভূমিকা পালন করেছেন।
পঞ্চম ও শেষ দিনের শুরুতেই সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনর করেন অদিতি মহসিন, অনিন্দিতা চৌধুরী, আজিজুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, ইলোরা আহমেদ শুক্লা, ফাহিম হোসেন চৌধুরী, ফরিদা পারভীন, ইফফাত আরা দেওয়ান, জান্নাত-ই-ফেরদৌস, ঝুমা খন্দকার, খায়রুল আনাম শাকিল, কিরণ চন্দ্র রায়, লাইসা আহমেদ লিসা, মাসুদা নার্গিস আনাম, মিতা হক,মহিউজ্জামান চৌধুরী, নাসিমা শাহীন, প্রিয়াঙ্কা গোপ, শাহীন সামাদ, শাহীন কবির পলাশ, শামা রহমান, শারমিন সাথী ইসলাম, সেমন্তী মঞ্জরি, সুবির নন্দী, সুমা রানী রায়, তানিয়া মান্নান, ইয়াসমিন মুসতারী এবং ইয়াকুব আলী খান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘ধন্য ধন্য বলি তারে’ ও ‘এই পদ্মা এই মেঘনা’- গান তিনটি পরিবেশন করেন তারা।
এরপরই মঞ্চে আসেন কত্থক নৃত্যশিল্পী বিশাল কৃষ্ণ। শিববন্দনা, পরনের বিভিন্ন প্রকার, তেহাই, পাঁচ গণনার বিভিন্ন কম্পোজিশন এবং সবশেষে ময়ূরের গৎ পরিবেশন করেন তিনি। তাকে কণ্ঠ সহযোগিতা করেন দেবাশিস সরকার, সেতার সঙ্গত করেন জয়ন্ত ব্যানার্জী, তবলায় কুশল কৃষ্ণ, বোল-পাঠ করেন মহান কৃষ্ণ মিশ্র।
বিদুষী আশ্বিনী ভিদে দেশপান্ডে এরপরই মঞ্চে উঠেন। তিনি পরিবেশন করেন রাগ যোগ এবং রাগ পারস। তাকে তবলা সঙ্গত করেন পণ্ডিত যোগেশ শামসি, হারমোনিয়ামে গৌরব চট্টোপাধ্যায়।
মজার বিষয় স্বল্পভাষী এই সংগীত বিদুষীকেই একমাত্র তানপুরা বাজিয়ে কণ্ঠসংগীত পরিবেশনা করতে দেখা গেলো।
আর এভাবেই পর্দা নামলো উচ্চাঙ্গ সংগীতের নতুন কিন্তু শীর্ষ এই আসরের। পাঁচদিনব্যাপী এ উৎসবটি আয়োজন করে বেঙল ফাউন্ডেশন, তাদের সহযোগিতা করেছে আইটিসি-এসআরএ।
এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছিলো পল্লীকবি জসীম উদ্দীনকে। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশ ও চর্চায় অবদানের জন্য স্মরণ করা হয়েছে সদ্যপ্রয়াত বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম, গুরু রামকানাই দাস এবং চিত্রশিল্পী সুবীর চৌধুরীকে।
আগামী বছরও একইভাবে উৎসব আয়োজনের কথা জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় ভোর ৫টা ২০ মিনিটে।
ছবি: বেঙ্গল ফাউন্ডেশন।
