'মৌলবাদী' যুবকের হামলার শিকার গওহার
খোলামেলা পোশাক পরায় জনসম্মুখে চড় খেলেন ভারতীয় টেলিভিশন তারকা গওহার খান। একটি রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করার সময় এই ঘটনা ঘটে।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘র স্টার’-এর চূড়ান্ত পর্বের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে চলছিল অনুষ্ঠানটির শুটিং। এসময় দর্শকের সারি থেকে উঠে এসে আকিল মালিক নামের এক ব্যক্তি এই ঘটনা ঘটান।
২৪ বছর বয়সী আকিল বলেন, একজন মুসলিম নারী হয়ে গওহারের এত সংক্ষিপ্ত পোশাক পরা উচিত হয়নি। আর এ কারণেই গওহারকে চড় কষান তিনি।
ঘটনাস্থলে থাকা এক সূত্র বলছে, সেদিন অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার দর্শক উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ছিল ২৫০ জন নিরাপত্তারক্ষীর কড়া নজরদারি। কিন্তু নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে মঞ্চে উঠে আসেন আকিল, গওহরকে অভদ্রভাবে স্পর্শ করে সবার সামনে চড় মেরে বসেন।
এ ঘটনায় স্তম্ভিত হয়ে যান গওহার। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এরপর শুটিং বন্ধ রাখা হয়। এক ঘণ্টার বিরতি নিয়ে নিজেকে সামলে আবার কাজে ফেরেন গওহার।
আকিল মালিককে যৌন উৎপীড়নের অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার ১লা ডিসেম্বর আদালতে হাজির করা হয় তাকে।
ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সিজনের বিজয়ী গওহার একজন মডেল ও অভিনেত্রী। ‘পকেট মে রকেট হ্যায়’ এবং ‘ইশাকজাদে’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
