দুই বাংলা মাতাবে ‘সত্তা’: শাকিব
অবশেষে আসলেন পাওলি দাম। ‘সত্তা’ সিনেমার শুটিং করতে শনিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান ভারতের এই আলোচিত অভিনেত্রী। রোববার সকাল থেকে বিএফডিসিতে শাকিব খানের বিপরীতে তিনি শুরু করলেন শুটিং।
শনিবার সন্ধ্যায় ঢাকার এক রেস্তোরাঁয় গণমাধ্যমের মুখোমুখি হন পাওলি। সঙ্গে ছিলেন সিনেমার নায়ক শাকিব খান।
পাওলিকে পাশে নিয়ে ঢাকাই সিনেমার ‘কিং খান’ বললেন, “পাওলির মতো আমারও বাড়ি ফরিদপুরে। সেসূত্রে পাওলি আমার প্রতিবেশী। ‘সত্তা’ সিনেমাটি দুই বাংলা মাতাবে। দুদেশের দর্শকদেরই ভালো লাগবে সিনেমাটি।”
শাকিবের মতে, দুই বাংলার চলচ্চিত্রের মেলবন্ধন ঘটাবে সিনেমাটি। দুদেশের শিল্পীদের মধ্যে বন্ধুত্ব, ভাতৃত্বের সম্পর্ক আরও ‘দৃঢ়’ করবে।
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে পাওলিও বেশ আনন্দিত। ‘মনের মানুষ’-এর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে কোনো চলচ্চিত্রে কাজ করছেন তিনি। বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই শুরু করলেন কথা।
“এখানে আসতে আসতে একটা লেখা চোখে পড়লো, হৃদয়ে বাংলাদেশ। আসলে ‘মনের মানুষে’-এর পর আমি যতবারই বাংলাদেশে এসেছি এত সুন্দর অভ্যর্থনা পেয়েছি। একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে। সেখান থেকে বলতে পারি লেখাটা, হৃদয়ে বাংলাদেশ আমার জন্য ভীষণভাবে প্রযোজ্য।”
পাওলি জানালেন, ‘শিডিউল’ জটিলতার কারণে ‘সত্তা’ সিনেমাটির জন্য সময় দিতে পারছিলেননা তিনি। এজন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নিলেন।
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এবারের পর্বে পাওলি শুটিং করবেন ২০শে নভেম্বর অবধি। ফের আসবেন ১৬ই ডিসেম্বর। ১৭ই ডিসেম্বর থেকে টানা শুটিং করে কাজ শেষ করবেন সিনেমাটির।
সোহানী হোসেনের ‘মা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক কল্লোলের চিত্রনাট্য ও ফেরদৌস হাসান রানার সংলাপে এই সিনেমাতে পাওলি ‘শিখা’ এবং শাকিব ‘সবুজ’ চরিত্রে অভিনয় করবেন। দুই সংগ্রামী মায়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এ সিনেমার কাহিনি।
ঢাকা ছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, বান্দরবান, সিলেট, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যায়ন হবে।
