সাংবাদিকদের তাড়া করলেন রানবির
সাংবাদিকদের সঙ্গে ভারতীয় অভিনেতা রানবির কাপুরের রেষারেষির ঘটনা নতুন নয়। সম্প্রতি নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেতা। নিজের ও ক্যাটরিনা কাইফের নতুন বাসার সামনে থেকে এক সাংবাদিককে ঝেটিয়ে বিদায় করেছেন তিনি।
বন্ধুদের সঙ্গে রাতে ঘুরে বেড়ানোর সময় ক্যামেরা দেখে তেড়ে আসার পর বেশ সমালোচিত হয়েছিলেন রানবির। এরপরও পাপারাজ্জিরা তার পিছূ ছাড়েনি। ক্যামেরাবন্দি হলেন স্পেনে ছুটি কাটাতে গিয়ে।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সম্প্রতি নিজেদের ফ্ল্যাটে উঠেছেন ক্যাট-রানবির জুটি। দীর্ঘদিন প্রেম করার পর এক ছাদের নিচে বাস করা শুরু করেছেন তারা।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে যেদিন থেকে এক ফ্ল্যাটে উঠেছেন এই জুটি, সেদিন থেকেই তাদের বাড়ির সামনে রীতি মতো বসত গেড়েছেন কয়েকজন সাংবাদিক। তাদের উদ্দেশ্য একটাই, ক্যাট-রানবিরকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা।
কিন্তু সাংবাদিকদের এই অতিরিক্ত আগ্রহ মোটেও সহজভাবে নেননি ‘রকস্টার’ রানবির।
১১ই নভেম্বর রাতে শুটিং শেষে একসঙ্গে বাড়ি ফেরেন ক্যাট-রানবির। বাড়িতে ঢোকার সময় রানবির খেয়াল করেন একদল সাংবাদিক তাদের ছবি তুলছেন। ক্ষুব্ধ রনবির হিতাহিত জ্ঞান হারিয়ে ধাওয়া করতে শুরু করেন সাংবাদিকদের। এসময় তাদের গালিগালাজও করেন তিনি।
এদিকে রানবিরকে তেড়ে আসতে থেকে ক্যামেরাসহ নিজেদের জিনিসপত্র ফেলে রেখেই দৌড়ে পালান সাংবাদিকরা। আর সেগুলো নিজের জিম্মায় রেখে দেন রানবির।
এর আগেও একবার ক্যাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেতা বলেছিলেন, "নিজের চরকায় তেল দিন"।
মুম্বাই সিনেপাড়ার এই আলোচিত জুটি প্রেম নিয়ে গণমাধ্যমের সঙ্গে লুকোচুরি খেলছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে। নিয়মিত একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। অবশেষে কয়েকদিন আগে সরাসরি না হলেও সম্পর্কের কথা স্বীকার করে নেন ক্যাট। ধারণা করা হয় ২০০৯ সালে 'আজাব প্রেম কি গাজাব কাহানি' সিনেমায় একসঙ্গে অভিনয় করার সময়ই প্রেমে পড়েন এই দুই তারকা।
