অবসকিওরের ‘দেশ ছাড় রাজাকার’(অডিওসহ)
“নিখোঁজ শহীদ কবর পায়নি/তোরাও না পাস চাই/পুড়িয়ে তোদের ফেললে ভাবছি/কোথায় ফেলব ছাই/কিভাবে নরম হবে জ্বালাপোড়া/উপশম ফোস্কার/আমরা এখনো চেঁচিয়ে বলবো- দেশ ছাড় রাজাকার” - অবসকিওরের নতুন গান যেন তলোয়ারের মতোই ধারালো, যা এদেশ থেকে কেটে বাদ দিতে চায় রাজাকারদের।
পর পর বের হলো দুটি অ্যালবাম। কিন্তু কাজ চলছে একাধিক নতুন গানের। তারই একটি 'রাজাকার' ১১ই নভেম্বর অনলাইনভিত্তিক সংগীত পরিবেশক সাউন্ডক্লাউডে প্রকাশ করা হয়। ব্যান্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজে ১ মিনিট ১৫ সেকেন্ডের ডেমো ট্র্যাকটির লিঙ্ক শেয়ার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের কবি অমিত গোস্বামীর লেখা 'রাজাকার' গানটিতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পাকিস্তানি সেনাবাহিনীর এদেশীয় দোসরদের দেশ ছাড়ার হুকুম করা হয়।
ব্যান্ডের ভোকাল টিপু বলেন, “ঘরের শত্রু রেখে আমরা কখনোই স্বাধীন নই। আমাদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে, যখন আমরা দেশ থেকে আমাদের স্বাধীনতার বিরোধীতাকারীদের সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারবো। গানের মাধ্যমে আমরা এই কথাটিই বলতে চেয়েছি।”
তিনি আরও বলেন, “কোন টিভি চ্যানেল প্রিমিয়ার করতে এগিয়ে না এলে নিজেরাই মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়বো।”
‘অমর একুশের গান’, ‘স্বাধীনতার বীজমন্ত্র’, ‘শহীদ আজাদ’ গানগুলো সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় ‘অবসকিওর ও বাংলাদেশ’ অ্যালবামের মাধ্যমে।
চলতি বছরের মে মাসে টিপু গ্লিটজকে জানান, ব্যান্ডের হোম স্টুডিওতে নতুন কম্পোজিশনে পুরনো গান, একেবারেই নতুন গান এবং বিষয়ভিত্তিক দেশের গান নিয়ে অ্যালবামের কাজ চলছে।
১১ বছর বিরতির পর ‘ফেরা’ অ্যালবামের মাধ্যমে ২০১৩ সালের ডিসেম্বরে ফিরেছে অবসকিওর। পরের বছর প্রকাশিত হয় ব্যান্ডটির নবম অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’।
আগামী বছরে ব্যান্ডটি আরও দুটি অ্যালবাম বাজারে আনতে চায়।
টিপু বলেন, “নতুনভাবে ব্যান্ড শুরু করেছি। অনেকগুলো কাজ একসঙ্গে শুরু করেছি। কিন্তু সেটা কোনো সমস্যাই না। দিনক্ষণ নির্ধারণ করে একসঙ্গে বসলেই হয়ে যাবে।”
টিপুর পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল মাসে রিমেইক ও ঈ-উল-ফিতরে মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করবে অবসকিওর।
ছবি: ফেইসবুক থেকে।
ডেমো গানটি শুনতে ক্লিক করুন
