২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই যুগ পর রকস্ট্রাটার কনসার্ট

আশির দশকের শেষ দিকে জন্ম নেওয়া ব্যান্ড রকস্ট্রাটা স্বনামেই প্রথম অ্যালবাম বের করে নব্বইয়ের দশকের শুরুতে। অ্যালবামটির পর মাত্র একটি কনসার্টেই অংশ নিয়েছে ব্যান্ডটি। এরপর কয়েক সদস্য দেশের বাইরে চলে যান। দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আবার কাজ শুরু করেছে ব্যান্ডটি, প্রকাশ করেছে দ্বিতীয় অ্যালবাম ‘নতুন স্বাদের খোঁজে’। হেভি মেটাল ঘরানার এ ব্যান্ড এখন কনসার্ট করে ভক্তদের মাতানোর পরিকল্পনা করছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 03:42 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

ব্যান্ডের বেইজিস্ট আরশাদ আমিন গ্লিটজকে জানান, শেষ তারা কনসার্টে অংশ নিয়েছে ১৯৯০ সালের জানুয়ারিতে। সে অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে ২৪ বছর পর মঞ্চে জমকালো এক কনসার্টের মাধ্যমেই ফিরতে চান তারা।

কনসার্টে ব্যান্ডের পারফরমেন্সে নতুনত্ব দেখানোর পাশাপাশি আয়োজনেও থাকবে চমক।

আরশাদ আরও বলেন, “দুই যুগ পরে মঞ্চে ফেরাটা যেমন-তেমন হলে তো হবে না। সবার মনে রাখার মতো কিছু করার পরিকল্পনা করছি আমরা। তবে এখনই ভক্তদের জানাতে চাই না। ভক্তদের উপহার হিসেবে গোপন রাখতে চাই সেই দিনটির জন্যই।”

বাংলা গানে হেভি মেটাল বা থ্র্যাশ মেটাল ধারার পথিকৃত বলা হয় রকস্ট্রাটাকে।

আরশাদ জানান, প্রথম অ্যালবাম বের হওয়ার পর ব্যান্ডের দুই গিটারিস্ট মাঈনুল ইসলাম, ইমরান হুসাইন এবং ড্রামার মাহবুবুর রশিদ একে একে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন তারা সেখানেই আছেন।

প্রতিষ্ঠার ছয় বছরের মধ্যে ব্যান্ডটির সবাই বিচ্ছিন্ন হয়ে গেলেও যোগাযোগ অটুট ছিলো। যার ফলে ২০১০ সাল থেকে স্টুডিও অ্যালবামের কাজ শুরু করেন তারা।

দ্বিতীয় স্টুডিও অ্যালবাম শেষ হলেও বিপত্তি ঘটে ভোকাল মুশফিক আহমেদকে নিয়ে। হঠাৎ কণ্ঠনালীর সমস্যায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। যার ফলে ছয় মাসের মতো বন্ধ ছিল গান গাওয়া।

ঠিক সেই সময়টিতেই প্রকাশিত হয় ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘নতুন স্বাদের খোঁজে’। অ্যালবাম প্রকাশের জন্য আয়োজন করা হয় অলস্টার ব্যান্ড কনসার্ট। কিন্তু সেখানে নতুন অ্যালবামের গান গাইতে পারেননি মুশফিক।

আরশাদ জানালেন, মুশফিক গাইবেন এবার। সঙ্গে আসবেন ব্যান্ডের প্রাক্তন ভোকাল শোয়েব রহমানও। ব্যান্ডের সব সদস্যই ঢাকায় আসবেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে।

১৯৮৫ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি ১৯৮৬ সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের এক কনসার্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ১৯৯০ সালে প্রকাশিত হয় ‘রকস্ট্রাটা’ নামের প্রথম অ্যালবাম। অ্যালবামের ‘আর্তনাদ’, ‘রক্তে ভেজা মাটি’, ‘নিউক্লিয়ার স্বাধীনতা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। দ্বিতীয় অ্যালবাম ‘নতুন স্বাদের খোঁজে’র ‘এই আমার জীবনধারা’, ‘মরণ বৃষ্টি’, ‘গোপন কুঠুরি’ শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।

পুরনো খবর:

ফিরছে রকস্ট্রাটা