ফিরছে রকস্ট্রাটা
২২ বছর পর রকস্ট্রাটার দ্বিতীয় অ্যালবাম ‘নতুন স্বাদের খোঁজে’ প্রকাশিত হচ্ছে শুক্রবার। ১৯৯২ সালের পরে এটি তাদের দ্বিতীয় অ্যালবাম।
অ্যালবামে গান রয়েছে ১১টি। ‘এই আমার জীবনধারা’, ‘গোপন কুঠুরি’, ‘মরণ বৃষ্টি’, ‘দুই’, ‘এইটুকু আশা’, ‘নতুন স্বাদের খোঁজে’, ‘জোছনা রাঙা আকাশ’, ‘অশান্তি’, ‘চলো হারিয়ে যাই’ ইত্যাদি শিরোনামের গানগুলো লিখেছেন ও সুর দিয়েছেন ব্যান্ডের সদস্যরা।
অ্যালবাম প্রসঙ্গে দলের বেইজিস্ট আরশাদ আমিন গ্লিটজকে বলেন, “২২ বছর পর আমাদের অ্যালবাম বের হচ্ছে। প্রথম অ্যালবামটি ছিল সেল্ফ টাইটেল্ড। ওই অ্যালবামে আমাদের আকুতি, ইচ্ছা-অনিচ্ছা, আশা, স্বপ্ন ইত্যাদি জানিয়েছিলাম। তখন আমরা প্রত্যেকেই তরুণ ছিলাম। গত বাইশ বছরের নানা দিক থেকে পাওয়া অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছি এখন আমরা। সেই অভিজ্ঞতার আলোকে এবার নতুন স্বাদের খোঁজ করছে ব্যান্ড রকস্ট্রাটা।”
তিনি জানান, নতুন স্বাদের খোঁজে গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন ইমরান।
আরশাদ বলেন, “একটা সময় ছিল আমাদের শুনতে হত-- ‘এটা করবা না, ওটা করবা না’। সেসবের প্রতিফলন রয়েছে রকস্ট্রাটার গানে। একইসঙ্গে আমাদের আবেগ ও অনুভূতির কথাও তুলে ধরেছি গানে।”
তিনি আরও বলেন, “আমরা হেভি মেটাল জনারে চর্চা করি। তবে আমাদের গানে আবশ্যিকভাবেই মেলোডি খুজে পাবেন।”
