২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিবসে হুমায়ূন স্মরণে

লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনে টেলিভিশন চ্যানেলগুলোর আয়োজনের কমতি নেই। তার নির্মিত চলচ্চিত্র প্রচারের পাশাপাশি নাটক, সংগীতানুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:21 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকেই তার জন্মদিনে ‘হিমু মেলা’ করে আসছে চ্যানেল আই। তৃতীয়বারের মতো এ আয়োজনে থাকছে তার বিভিন্ন শিল্পকর্ম ও বইয়ের প্রদর্শনী, গান, নাচ, আলোচনা ও কবিতা আবৃত্তি। নিজেদের কাযর্ালয় প্রাঙ্গনে আয়োজিত এ মেলা চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে।

চ্যানেলটি দুপুর ৩টায় প্রচার করবে হুমায়ূন আহমেদ নির্মিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে মেহের আফরোজ শাওন পরিচালিত নাটক ‘অনিশ্চিত মেঘেদের যাত্রা’। রাত ১০টায় থাকছে সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজ শিল্পীদের পরিবেশনায় হুমায়ূন আহমেদের গানের অনুষ্ঠান ‘অন্য হুমায়ূন’। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় টক শো ‘তৃতীয় মাত্রা’ প্রচারিত হবে রাত ১টায়।

হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত মুখ ফারুক আহমেদ, ড. এজাজ ও স্বাধীন খসরু কথা বলবেন আরটিভির অনুষ্ঠান ‘তারকালাপ’-এ। অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল ১০টা ৪০ মিনিটে।

হুমায়ূন আহমেদের লেখা ও সুর করা গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘চাঁদনী পসর’ প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৯টা ১৫ মিনিটে প্রচারিত অনুষ্ঠানে গান গাইবেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী।

হুমায়ুন আহমেদের লেখা ও সুর করা গান নিয়ে বারী সিদ্দিকীর একক সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের রাত’ দুপুর ১টায় প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন। চ্যানেলটিতে দুপুর ২টা ৩০ মিনিটে ‘সিনে মিউজিক’ অনুষ্ঠানে প্রচারিত হবে তার সিনেমার গান। বিকাল ৫টায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় প্রচারিত হবে ‘ও আমার উড়ালপঙ্খীরে’। অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের লেখা গান গাওয়ার পাশাপাশি গানগুলো সৃষ্টির গল্প শোনাবেন সুবীর নন্দী ও এসআই টুটুল।

বাংলাভিশন হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’ প্রচার করবে সকাল ১১টায়। মাহমুদুজ্জামান বাবু উপস্থাপিত অনুষ্ঠানটিতে কথা বলবেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনিরা মিঠু ও তারিক আনাম খান।

হুমায়ূন আহমেদ নির্মিত বিশেষ নাটক ‘নাট্য মঙ্গলের কথা শুনে পূণ্যবান’ রাত ১২টা পুনঃপ্রচার করবে  দেশটিভি।

বিশেষ অনুষ্ঠান ‘যে থাকে আখি পল্লবে’ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার করবে গাজী টিভি।

হুমায়ূন আহমেদ জন্ম নেন ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর। মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১৯শে জুলাই। ‘এইসব দিন রাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘অয়োময়’, ‘আজ রবিবার’ ইত্যাদি নাটকের স্রষ্টা হিসেবে ব্যপক জনপ্রিয়তা পান। 

তার পরিচালিত প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’। পরবর্তীতে তিনি নির্মাণ করেন - ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটু পুত্র কমলা’সহ বেশ কয়েকটি সিনেমা।

ছবি: টিভি চ্যানেল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আর্কাইভ।