‘সমালোচকদের পাত্তা দেবেন না’
বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্রের নিজস্ব ভাষা তৈরি হলেও ঢাকাই সিনেমাতে এখনও সে ভাষা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘পিঁপড়াবিদ্যা’ ও নতুন সম্ভাবনা” শীর্ষক এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিবেশী দেশ ভারতের সিনেমার প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, “ভারত তাদের সিনেমাতে নিজেদের গল্প বলার একটা ভঙ্গি তৈরি করেছে। আর্ট ওয়ার্কের জন্য সেগুলো আবার ভেঙ্গেও ফেলছে, অবশ্য তা কোনো স্থায়ী রূপ নয়। ভারতে সত্যজিৎ রায়ের প্রভাবে একটা বড় ঘরানা তৈরি হয়েছিল। সেটা ভেঙ্গে মুম্বাইভিত্তিক নির্মাতারা আরেকটি ঘরানা নির্মাণের চেষ্টা করছেন। এখন তাদের একটি নিজস্ব বলয় বা ভাষা তৈরি হয়েছে।”
আশাবাদী ফারুকী বলছেন, “আমরা এক দিনেই সেই জায়গায় পৌঁছাতে পারব না। পাঁচ থেকে দশ বছর সময় লাগবে। আমরা একটি নতুন সম্ভাবনার জায়গায় পৌঁছাতে পারব।”
তার মতে, চলচ্চিত্র নির্মাতাদের প্রত্যেকেরই একটি আলাদা রূপ রয়েছে যার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পের একটি সামগ্রিক রূপ বোঝা যায়।
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক ও কলাম লেখক ফরহাদ মজহার , চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, গোলাম রাব্বানী বিপ্লব এবং রেদওয়ান রনি।
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব বলছেন,“বাংলাদেশের সিনেমা একটি সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে। অনেক তরুণ নির্মাতারা আসছেন। বিভিন্ন ধরনের নিরিক্ষাধর্মী কাজ তৈরি হচ্ছে। এর মধ্যে সিনেমার কোন ধারাটি দাঁড়িয়ে যাবে তা কিন্তু আমরা এখনই বলতে পারি না।”
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে ফরহাদ মজহার বলেন, “ আমরা অনেক পথ পেরিয়ে এসে এখন একটি ভালো সন্ধিস্থলে দাঁড়িয়েছি। বাংলাদেশে যে যেভাবেই সিনেমা তৈরি করুক, একটা ভালো আওয়াজ শুনতে পাচ্ছি। সেটা আমাদের প্রচণ্ডভাবে আনন্দিত করে।”
