দৃষ্টিপাতের তিন দশক পূর্তিতে নাট্যোৎসব
ঢাকাভিত্তিক মঞ্চ নাটকের দল দৃষ্টিপাতের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হতে চলেছে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে নাট্যদলটি আয়োজন করেছে ‘নাট্যযাত্রার ৩০ বছর’ শীর্ষক ছয়দিনব্যাপী নাট্যোৎসব। রোববার বিকাল পাঁচটায় উৎসব শুরু হওয়ার কথা রয়েছে।
নাট্যোৎসবের আহ্বায়ক আব্দুল হালিম আজিজ গ্লিটজকে জানান, রোববার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরেক নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।
উৎসবের ভেন্যু জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল। রোববার উদ্বোধনী দিনে মহাকাল নাট্য সম্প্রদায় ‘প্রমিথিউস’ এবং নাট্যধারা ‘আয়না বিবির পালা’ মঞ্চস্থ করবে। উৎসবে আরও অংশ নিচ্ছে লোকনাট্যদল ( সিদ্ধেশ্বরী), নাট্যতীর্থ, আরণ্যক, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্য সম্প্রদায়, প্রাঙ্গণেমোর, আগন্তুক, স্বপ্নদল ও ভারতের নাট্যদল কল্যাণী কলামন্ডলম।
১৪ই নভেম্বর উৎসবের আয়োজক দৃষ্টিপাত নাট্যদলের ২১তম প্রযোজনা ‘রাজা হিমাদ্রি’র মঞ্চায়ন হবে জাতীয় নাট্যশালায়। নাটকটি নির্দেশনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করেছেন খন্দকার তাজমি নূর।
উৎসব নিয়ে আব্দুল হালিম আজিজ গ্লিটজকে বলেন, “চাইলে শুধুমাত্র দৃষ্টিপাত প্রযোজিত নাটকগুলো নিয়েই উৎসবের আয়োজন করতে পারতাম। কিন্তু দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গীদেরও আমরা সম্মানিত করতে চেয়েছি। তাদের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে আমরা তাদের নাটকগুলো নিয়েই আয়োজন করছি। ”
তিনি জানান, উৎসব আয়োজনের পর দৃষ্টিপাত নাট্যদল নিয়ে আসছে নতুন নাটক ‘একান্ন বায়ান্ন’। ফেইসবুকের একটি ফ্যান পেইজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এ নাটকের গল্প।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় নাট্যদল দৃষ্টিপাত। এ পর্যন্ত তারা ২২টি পথনাটক ও মঞ্চনাটক প্রযোজনা করেছে।
