মুক্তির আগেই শীর্ষে পিঙ্ক ফ্লয়েডের অ্যালবাম
দুই দশকেরও বেশি সময় পর বের হতে যাচ্ছে সাইকেডেলিক রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের নতুন অ্যালবাম। মুক্তির আগেই রেকর্ড গড়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম 'দ্য এন্ডলেস রিভার'। এখন পর্যন্ত অ্যামাজন ডটকমে সবচেয়ে বেশি প্রি অর্ডার করা অ্যালবামে পরিণত হয়েছে এটি।
এর আগে ব্রিটিশ পপ রক ব্যান্ড ওয়ান ডিরেকশনের ২০১৩ সালে মুক্তি পাওয়া 'মিডনাইট মেমরিজ' অ্যালবামটি ছিল অ্যামাজনে সবচেয়ে বেশি প্রি-অর্ডার হওয়া অ্যালবামের তালিকায় শীর্ষে ।
তবে মোট কতবার অ্যালবামটি প্রি অর্ডার করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া 'দ্য ডিভিশন বেল'ই ছিল পিঙ্ক ফ্লয়েডের সর্বশেষ অ্যালবামে। অ্যালবামটির রেকর্ডিং সেশনের অপ্রকাশিত ইন্সট্রুমেন্টাল ট্র্যাকগুলো এবার অ্যালবাম হিসেবে মুক্তি পাচ্ছে 'দ্য এন্ডলেস রিভার' শিরোনামে।
ইন্সট্রুমেন্টাল ডাবল অ্যালবামে এবার থাকছে মোট ১৮টি ট্র্যাক। ১৯৯৪ সালে করা গিটারিস্ট ডেভিড গিলমোর, ড্রামার নিক মেইসন এবং কিবোর্ডিস্ট রিক রাইটের কম্পোজিশনগুলো থাকছে এই অ্যালবামে। 'দ্য এন্ডলেস রিভার' উৎসর্গ করা হয়েছে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য, প্রয়াত কিবোর্ডিস্ট এবং ভোকাল রিক রাইটকে।
'দ্য এন্ডলেস রিভার' মুক্তি পাচ্ছে ৭ই নভেম্বরে।
