'মাতাল ছিলেন না সালমান'
২০০২ সালে ঘটে যাওয়া সালমান খানের গাড়ি চাপা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে এখনও। সম্প্রতি এক প্রত্যক্ষদর্শী দাবী করেছেন, সেদিন ঘটনার সময় মাতাল ছিলেন না সালমান।
১২ বছর আগে ২৮শে সেপ্টেম্বর ভোর তিনটার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় রাস্তার পাশের ফুটপাথে উঠে যায় সালমানের গাড়ি। গাড়ি চাপা পড়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষদের মধ্যে একজন মারা যান, আহত হন চারজন।
সাক্ষীদের একজন এর আগে বলেছিলেন, মাতাল অবস্থায় গাড়ির চালকের আসন থেকে তিনি নামতে দেখেছিলেন সালমান খানকে। এক পর্যায়ে দৌড়ে পালান মাতাল সালমান।
এই মামলার নতুন সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই চিঙ্কি পান্ডে। তিনি জানান, সালমানকে মাতাল অবস্থায় দেখেননি।
চিঙ্কি বলেন, "আমি পরের দিন সকাল নয়টায় সালমানের সঙ্গে দেখা করি। তাকে আমি জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তখন আমি তার শরীরে কোন মদের গন্ধ পাইনি।"
সালমানের আইনজীবীর জিজ্ঞাসাবাদে চিঙ্কি বলেন, আমেরিকান এক্সপ্রেস বেকারির যে রাস্তায় এই ঘটনাটি ঘটে সেখানে প্রায়ই গাড়ির জটলা লেগে থাকে। তাই সেখানে গাড়ি চলাচল করে খুবই ধীর গতিতে।
অবশ্য সরকার পক্ষের আইনজীবী তাকে পুনরায় প্রশ্ন করলে চিঙ্কি জানান, দিনের ব্যস্ত সময় রাস্তাটিতে ভীড় থাকলেও সালমানের গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে রাত তিনটায় যখন রাস্তায় গাড়ি প্রায় দেখাই যায় না।
চিঙ্কি জানান, যে গাড়িটি নিয়ে এত কাণ্ড সেটি কিনতে সালমানকে সাহায্য করেছিলেন তিনিই। আব্দুল রেহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ রুপিতে এই আমদানি করা বিদেশি গাড়িটি কিনেছিলেন সালমান।
ঘটনাটি যখন ঘটে তখন সালমানের নামে গাড়িটি নিবন্ধিত হয়নি।
বুধবার আদালতের শুনানিতে সাক্ষ্য নেওয়া হয় কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট সেলিম প্যটেলের যিনি দুবাই থেকে আসা এই গাড়িটির ভারতে সালমানের কাছে বিক্রি করার ব্যবস্থা করেছিলেন।
৫ই নভেম্বর হয়ে যাওয়া এই শুনানিতে আদালতে দেখা যায়নি সালমানকে। কারণ বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখে অনুষ্ঠিতব্য এই মামলার পরবর্তী শুনানিতে সাক্ষ্য নেওয়া হবে আরও কয়েকজনের। আর তখন সালমানকে হাজির থাকতে আদেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালের ৫ই ডিসেম্বর নতুন করে বিচার শুরু হয় এই মামলার। এই মামলার শুরুর দিকে সালমানের বিরূদ্ধে অভিযোগ ছিল ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’র। তবে নতুন করে শুরু হওয়া বিচারে তার বিরূদ্ধে অভিযোগ ‘দণ্ডনীয় মৃত্যুর’(কালপাবল হোমিসাইড)। মামলায় তার বিরূদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দশবছরের কারাদণ্ড হতে পারে সালমানের।
