রাজনীতিতে জোলি?
অভিনয়ের পাশাপাশি বিশ্বজুড়ে মানবসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
বলছেন রাজনীতি করতে আপত্তি নেই তার।
সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অস্কারজয়ী এই অভিনেত্রী বর্তমানে নিযুক্ত আছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ শুভেচ্ছাদূত হিসেবে। এই ক্ষেত্রে কাজ করতে গিয়েই জোলি উপলব্ধি করেছেন, মানবসমাজে বড় ‘পরিবর্তন’ আনতে চাইলে রাজনীতিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
“আপনি যদি সত্যিই বিশাল পরিবর্তন আনতে চান, তাহলে এটা আপনার দায়িত্ব। তবে, সত্যি বলতে আমি জানি না কোন ভূমিকায় আমি কাজে লাগবো। আমি জানি জীবিকার জন্য আমি কি করি আর সেটা এটাকে আরও কম সম্ভবপর করে তোলে। ”
নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চান কী না এমন প্রশ্নের জবাবে জোলি বলেন, “আমি এ ব্যাপারে উন্মুক্ত।”
জাতিসংঘের বিশেষ দূত হিসেবে সম্প্রতি শরণার্থীদের অধিকার নিয়ে একটি খোলা চিঠিও লিখেছেন জোলি। চিঠিতে শরণার্থীদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলোর প্রতি তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে আহ্বান জানান তিনি।
“রাষ্ট্রহীন হওয়া মানে শিক্ষা, চিকিৎসা কিংবা আইনি সুবিধাবঞ্চিত এক জীবন কাটানো। এটা এমন এক জীবন, যেখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অধিকার হারায় মানুষ। ভবিষ্যতহীন হতাশাময় এক জীবন। এ ধরনের জীবন অমানবিক। আমরা বিশ্বাস করি সময় এসেছে এই অন্যায়ের অবসান ঘটানোর।”
চিঠিতে তিনি আরও লেখেন, “রাষ্ট্রহীন হওয়া মানে আপনার নিজের এবং আপনার সন্তানদের কোনো আইনি পরিচয় থাকবে না, ভোটাধিকার থাকবে না, নাগরিকত্ব থাকবে না এবং প্রায় কোন ধরনের শিক্ষাব্যবস্থায় অংশ নেওয়ার অধিকার থাকবে না। রাষ্ট্রহীনতার অবসান ঘটানো হবে, এইসব মারাত্মক অবিচার শোধরানোর উপায়।”
জোলি দাবি করেন, শরণার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে আশ্রয়দাতা রাষ্ট্রগুলোও লাভবান হবে।
“যে সব রাষ্ট্রে শরণার্থীরা আছেন, তাদের সামাজিক উন্নতির জন্যও এটা বেশ কাযর্করী উপায়। কারণ, এর মাধ্যমে শরণার্থীদের প্রতিভা এবং ক্ষমতার যথাযোগ্য ব্যবহার তারা করতে পারবে।”
