'অনুষ্ঠানে অংশ নিতে হোটেলে যাই'
৩১শে অগাস্ট ভারতের হায়দ্রাবাদের এক বিলাসবহুল হোটেলে হানা দিলো পুলিশ। দেহ ব্যবসার সঙ্গে জড়িত এক চক্রের সঙ্গে গ্রেফতার হলেন ভারতীয় অভিনেত্রী শোয়েতা বাসু প্রসাদ। এরপর জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু এখন শোয়েতা বলছেন ভুল সময়ে ভুল জায়গায় থাকার মাশুল দিতে হচ্ছে তাকে।
গ্রেফতারের পর একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল শোয়েতা। সম্প্রতি বাড়ি ফিরে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন শোয়েতা।
আমি ৩১শে অক্টোবর বাড়ি ফিরেছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কেবল ঐ সাংবাদিক ছাড়া যে আমার এমন সংকটের মুহূর্তে একটি বানোয়াট বিবৃতি আমার নামে প্রকাশ করেছে। এই বিবৃতি সব জায়গায় ছড়ানো হয়েছে। আমি এ সম্পর্কে কিছুই জানতাম না যেহেতু গত দুমাসে আমার সংবাদপত্র পড়া কিংবা ইন্টারনেট ব্যবহারের কোনো উপায় ছিল না।"
তিনি আরও জানান, আমি পুলিশের হেফাজতে ছিলাম। আমাকে আমার বাব-মার সঙ্গেই কথা বলতে দেওয়া হয়নি, গণমাধ্যমের সঙ্গে কথা বলবো কিভাবে? যে এই বিবৃতি তৈরি করেছে সে আমার সম্মানহানি করেছে এ কথা বলার মাধ্যমে যে আমার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরকম কিছুই ঘটেনি আর ফিল্ম ইন্ড্রাস্ট্রি থেকে সবসময় উষ্ণ ও অভ্যর্থনামূলক আচরণ পেয়েছি। আর সিনেমার লোকেরা আমাকে পতিতাবৃত্তিতে উৎসাহিত করেছে - এ ধরনের ফালতু কথা আমি কখনোই উচ্চারণ করিনি।"
‘মাকড়ি’ খ্যাত এই অভিনেত্রী জানান, "আমি সেখানে (ঐ হোটেলে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলাম। এটাকে ভাগ্য বলুন আর যাই বলুন, আমি সকালে আমার ফিরতি ফ্লাইট মিস করি। আমার বিমানের টিকিট এবং থাকার ব্যবস্থা অনুষ্ঠান আয়োজকরা করেছিলেন। আমার কাছে এখনও সেই টিকিট আছে। আমাকে বলা হয়েছে ঐ এজেন্ট গ্রেফতার হয়েছে। তদন্ত চলছে। আমি পরিস্থিতির শিকার। একটা অভিযান হয়েছে...আমি ঘটনাটা অস্বীকার করছি না। কিন্তু যা বলা হচ্ছে তা সত্যি নয়।"
মাত্র দশ বছর বয়সে ভিশাল ভারাদওয়াজ পরিচালিত ‘মাকড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান শোয়েতা। ‘ইকবাল’ সিনেমায় তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া দক্ষিনি সিনেমায় নিয়মিত কাজ করছিলেন তিনি।
