একজন খলনায়কের মৃত্যু
আশির দশকের 'আখেরি রাস্তা' কিংবা নব্বইয়ের দশকের 'ইশক' সিনেমাটি যারা দেখছেন সাদাশিব আমরাপুরকারকে চিনতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমার ধূর্ত ও পাপী সেই খলনায়ক, পর্দায় যাকে দেখে ঘৃণায় দর্শকের মুখ কুঁচকে যেতে বাধ্য তিনি নিজেই মুখ ফিরিয়ে নিলেন।
ফুসফুসে সংক্রমণের কারণে দুই সপ্তাহ ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন সাদাশিভ। ৩রা নভেম্বর সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৬৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা বলিউড।অমিতাভ বচ্চন টুইটারে লেখেন, "কলকাতায় আছি। আজ সকালে ঘুম থেকে ওঠার পরপরই একটা দুঃখজনক খবর শুনলাম, সাদাশিভ আমরাপুরকার মারা গেছেন। তিনি ছিলেন আমার একজন সহকর্মী এবং খুবই প্রতিভাবান একজন শিল্পী...প্রার্থণা করি! যখন কোনো সহকর্মী হঠাৎ করে মারা যান, একটা শূন্যস্থান তৈরি হয়, একসঙ্গে কাটানো সময়ের, তাদের কাজের স্বীকৃতির।"
অনুপম খের লেখেন, "খুবই কষ্ট পেয়েছি যখন জানলাম সাদাশিভ আমরাপুরকারের মত ভাল একজন মানুষ এবং চমৎকার অভিনেতা মারা গেছেন। তার আত্মা শান্তি পাক।"
নির্মাতা মাধুর ভান্ডারকার লেখেন, "তিনি ছিলেন একজন সত্যিকারের অভিনেতা। সাদাশিভের ছিল নিজস্ব এক প্রতিভা। আমরা আজ খুবই ভাল একজন মানুষকে হারিয়েছি। তার সঙ্গে আমার প্রথম সিনেমা ‘ত্রিশক্তি’তে কাজ করার সৌভাগ্য হয়েছিল।"
শোক প্রকাশ করেন পুজা ভাটও। পুজা লেখেন, "গাব্বার সিংয়ের পর তিনিই ছিলেন সেরা খলনায়ক। সাদাশিভ আমরাপুরকার আমাদের বুঝিয়ে দিলেন যে জীবনটা আসলে অনেক সংক্ষিপ্ত।"
পরিচালক কুনাল কোহলি লেখেন, "সাড়াক সিনেমায় সাদাশিভ আমরাপুরকার অভিনীত মাহারানি চরিত্রটি ছিল বলিউডের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় খলচরিত্রের মধ্যে একটি। তার আত্মা শান্তি পাক।"
অভিনেতা রিতেশ দেখমুখ টুইট করেন, কয়েকদিন পরই নতুন সিনেমা ‘ব্যাংকচোর’-এ সাদাশিভের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার, যা আর হয়ে উঠলো না।
শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, "সাদাশিভ আমরাপুরকারকে একজন গুণী অভিনেতা হিসেবে আমরা সবসময় মনে রাখবো। প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবেন তিনি। তার পরিবারের প্রতি অনেক অনেক সমবেদনা রইল।"
দীর্ঘ ক্যারিয়ারে দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন সাদাশিভ। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘অর্ধ সত্য’র জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পান। এরপর ‘সাড়াক’-এ অভিনয় করে সেরা খলনায়কের পুরস্কার জেতেন তিনি।
নিয়মিত ছিলেন মারাঠি ভাষার সিনেমাতেও। হিন্দি, মারাঠি, বাংলা, উড়িষ্যা এবং হারিয়ানভি ভাষায় সব মিলিয়ে ৩০০টির মতো সিনেমায় অভিনয় করেন সাদাশিভ।
হিন্দি সিনেমার পর্দায় তাকে শেষবার দেখা যায় ২০১২ সালের সিনেমা ‘বম্বে টকিজ’-এ।
