মুক্তির পথে 'জিরো ডিগ্রি'
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচের দ্বিতীয় সিনেমা ‘জিরো ডিগ্রি’। খুব শিগগরিই সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হবে। ছাড়পত্র পেয়ে গেলে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
সিনেমার তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজআহমেদ ও দিলরুবা ইয়াসমীন রুহী।
সিনেমার কাহিনি শুরু হয় অমিত ও নীরার গল্প নিয়ে। কাজের খাতিরে নীরাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। একবার আর দেশে ফেরে না নীরা। আরেকটি সম্পর্কে জড়িয়ে সংসার ছাড়ে। এরপর সড়ক দুর্ঘটনায় ছেলে অর্কর মৃত্যুতে পাগল হয়ে যায় অমিত।
এদিকে গ্রামের মেয়ে সোনিয়া কবি সেজে থাকা এক নারী পাচারকারির খপ্পরে পড়ে বিক্রি হয়ে যায়। সম্ভ্রম হারানোর পর মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে মেয়েটি।
হাসপাতালে পরিচয় হয় অমিত ও সোনিয়ার। প্রতিশোধের আগুতে জ্বলতে থাকা দুটি মানুষ একে অপরের সঙ্গে হাত মেলায়।
সিনেমাতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও টেলি সামাদকে।সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান , ইফতেখার জাইব, মীর রাব্বি, লায়লাহাসান, শিরিন আলম।
‘অ্যান আনএক্সপেক্টেড থ্রিলার’ ট্যাগ লাইনে সিনেমাটির প্রচারের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘জিরো ডিগ্রি'র অফিসিয়াল ফ্যান পেইজেএকটি টিজারও প্রকাশিত হয়েছে।
সিনেমাতে অভিনয়ের পাশাপাশি প্লে হাউজ প্রোডাকশন্সের ব্যানারেসিনেমাটি প্রযোজনাও করছেন মাহফুজ আহমেদ। প্রযোজক হিসেবে আরও রয়েছেন আনসারুল আলম লিঙ্কন।
‘জিরো ডিগ্রি’র আগে ‘না মানুষ’ নামেএকটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন অনিমেষ। সিনেমাটি কোনো এক অজানা কারণে আটকে আছে। এ বিষয়ে কথা বলতে নারাজ অনিমেষ। এ সিনেমার পরই তিনি শুরু করবেন ‘জেদ’ সিনেমার শুটিং।
