২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উনপঞ্চাশে পা দিলেন শাহরুখ

প্রায় দুই দশক ধরে হিন্দি সিনেমাপ্রেমীদের মনে রাজত্ব করছেন শাহরুখ খান। গুণী এই অভিনেতা জীবনের ৪৯তম বছরে পা দিয়েছেন।  

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

২রা নভেম্বর ১৯৬৫ সালে ভারতের নয়া দিল্লিতে জন্ম হয় শাহরুখের। ক্যারিয়ারের শুরু ১৯৮৮ সালে ছোটপর্দায়। প্রায় চার বছর টিভিতে কাজ করার পর শাহরুখ প্রথমবারের মত সিনেমায় কাজ করার সুযোগ পান।

১৯৯২ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘দিওয়ানা’। বক্স-অফিস এবং সমালোচকদের মন জয় করা তখনই রপ্ত করেছিলেন তিনি। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত অভিনয় করেছেন ৮০টিরও বেশি সিনেমায়।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক রোমান্টিক সিনেমায় অভিনয়ের পর পেয়ে যান বলিউডের ‘রোমান্টিক হিরো’র তকমা।

বলিউডের ‘বাদশাহ’ শুধুমাত্র বক্স-অফিসেই বাজিমাত করেননি, ঘরে তুলেছেন ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এছাড়াও মনোনীত হয়েছেন ৩০ বার। 

সম্প্রতি মুক্তি পেয়েছে দিপিকা পাড়ুকোনের সঙ্গে তার নতুন সিনেমা 'হ্যাপি নিউ ইয়ার'। মুক্তি পেয়েই বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। ফারাহ খানের পরিচালনায় সিনেমায় আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি ও ভিভান শাহ।