'বাণিজ্যিক সিনেমার উপযুক্ত নই'
‘মেহেরজান’, ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাগুলোর পর হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও হয়ে গেছেন শায়না আমিন। আর তার কারণ হিসেবে বললেন বাণিজ্যিক সিনেমা তার জায়গা নয়।
“আমার কাছে প্রতিনিয়ত সিনেমাতে অভিনয়ের প্রস্তাব আসছে। বাণিজ্যিক সিনেমার সংখ্যাই বেশি। কিন্তু ব্যাপার হল, সেসব সিনেমাতে আমার অভিনয়ের জায়গা নেই। আমি সব সময় এমন সিনেমাতে অভিনয় করতে চাই, যেখানে আমার অভিনয়ের জায়গা থাকবে। গল্পের একটা চরিত্রকে ফুটিয়ে তোলার মতো যথেষ্ট সুযোগ থাকবে।”
শায়না বলছেন, বাণিজ্যিক সিনেমার জন্য নিজেকে ‘উপযুক্ত' মনে করছেন না তিনি। আর তাই তার দৃষ্টি এখন অফবিট সিনেমাগুলোর দিকেই।
“নিজেকে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে ভাবতে পারছি না আমি। আমার লক্ষ্যও সেটি নয়। অফবিটের সিনেমাগুলোতেই থাকতে চাইছি। সেখানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি।”
এখনও পর্দায় নিজের স্বপ্নের চরিত্রে অভিনয় করতে পারেননি বলেও জানালেন নবীন এই অভিনেত্রী।
“নাটক , টেলিফিল্ম আর সিনেমাতে অভিনয় করতে গেলে সব অভিনেত্রীর একটি সুপ্ত বাসনা থাকে, একটি স্বপ্নের মতো চরিত্রে অভিনয় করা। আমারও স্বপ্ন , আমি এমন সব চরিত্রে অভিনয় করব, যা হবে একেবারেই আলাদা। প্রতিটি চরিত্রে নিজেকে ভাঙ্গতে চাই আমি। কিন্তু আফসোস, এমন চরিত্র পাই নি।”
শায়নার এখন নাই ছোটপর্দায় অভিনয় নিয়েই ব্যস্ত। প্রাধান্য দিচ্ছেন এক ঘণ্টার নাটককে।ধারাবাহিক নিয়ে কিছুটা বিরক্তিই প্রকাশ করলেন।
“আমি ধারাবাহিক নাটকে অভিনয় করতে চাই না। মেগা সিরিয়ালগুলো একশ—দুইশ পর্বের হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে নাটকের গল্প ও চরিত্রগুলো পরিচালকরা পরিস্কার করে বলেন না। নাটক কত পর্ব হবে তাই তো বুঝতে পারি না। আমি আপাতত এক ঘণ্টার নাটক নিয়েই ভাবছি।”
